কোহলির পারফিউমের পর এবার ব্যাট ‘চুরি’! অবশেষে পাওয়া গেলো খোঁজ? দেখুন ভিডিও

কয়েক দিন আগেই ড্রেসিংরুমে বিরাট কোহলিকে না জানিয়ে তার পারফিউম ব্যবহার করেছিলেন এক সতীর্থ ক্রিকেটার। এবার ঘটল আরও মজার কাণ্ড। খেলা শেষে নিজের ব্যাট খুঁজে হয়রান হলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত এক সতীর্থের ব্যাগ থেকে উদ্ধার হল তার প্রিয় ব্যাট!

ঘটনাটি ঘটেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পর। আসলে পুরোটাই ছিল কোহলির সঙ্গে একটু মজা করার পরিকল্পনা। কোহলি সাজঘরে ঢোকার আগেই অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটার টিম ডেভিড তার ব্যাগ থেকে একটি ব্যাট সরিয়ে নিজের ব্যাগে লুকিয়ে রাখেন। কোহলি যখন ব্যাগ গোছাতে বসেন, তখন দেখেন তার সাতটি ব্যাটের মধ্যে একটি missing!

কোহলি বেশ কিছুক্ষণ সেখানেই থম মেরে দাঁড়িয়ে থাকেন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না, তার ব্যাট কে নিয়েছে। দলের কয়েকজন ক্রিকেটারকে জিজ্ঞাসাও করেন তিনি, কিন্তু কেউই কোনও সদুত্তর দিতে পারেননি। অবশেষে বাধ্য হয়ে কোহলি গোটা ড্রেসিংরুমে তার ব্যাট খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ তন্নতন্ন করে খোঁজার পর টিম ডেভিডের ব্যাগের মধ্যে নিজের ব্যাট দেখতে পান বিরাট। সঙ্গে সঙ্গেই সেটি বের করে নেন তিনি।

ডেভিডকে জিজ্ঞাসা করেন, তার ব্যাট কীভাবে ডেভিডের ব্যাগে গেল। জবাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মুচকি হেসে জানান, তিনি ব্যাটটি চুরি করেননি, আসলে ধার নিয়েছিলেন! তিনি নাকি দেখতে চেয়েছিলেন, কোহলি এত ভালো খেলেন কীভাবে, আর তাতে তার ব্যাটের ভূমিকা কতটা! ডেভিডের এই কথা শুনে কোহলি প্রথমে অবাক হলেও পরে হেসে ফেলেন। ড্রেসিংরুমের বাকি সদস্যরাও এই মজার কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়েন।

ম্যাচের ময়দানে অবশ্য ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল জয় পায়। ৪৫ বলে অপরাজিত ৬২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন কোহলি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে বেঙ্গালুরু। তবে ম্যাচ শেষে সতীর্থদের মজার খোরাক হতে হল ‘কিং’ কোহলিকে। ড্রেসিংরুমের এই হালকা মুহূর্ত দলের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই আরও একবার তুলে ধরল।