বার বার কেন ১৪ এপ্রিল সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে?-খবরে উদ্বিগ্ন ফ্যানেরা

বলিউডের ভাইজান সলমন খান গত এক বছরে একাধিকবার প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন। যদিও এই ঘটনা তার কাছে আর নতুন কিছু নয়। তবে বারবার হুমকি সত্ত্বেও অভিনেতা থেমে থাকেননি। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই তিনি তার সিনেমার শুটিং থেকে শুরু করে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন।
২০২৪ সালের পর ফের ২০২৫ সাল, আর আশ্চর্যজনকভাবে সেই একই তারিখ – ১৪ই এপ্রিল। দিনটি যেন সলমন খানের জীবনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। কারণ, ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত এই অভিনেতা আবারও মৃত্যুর হুমকি পেলেন, ঠিক এক বছর আগের একই দিনে!
সূত্রের খবর, সোমবার মুম্বইয়ের ওরলি এলাকার পরিবহণ দফতরের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা আসে। সেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সলমন খানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দেয়। শুধু তাই নয়, অভিনেতার গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ওই মেসেজে। এই ঘটনায় ওরলি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই যে নম্বর থেকে হুমকি বার্তাটি এসেছে, সেটি ট্র্যাক করার চেষ্টা করছে।
অন্যদিকে, ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ১৪ই এপ্রিল, সলমন খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসে। সেই হামলার দায় স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এই ঘটনার পরেই সলমন খানকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়। ওই ঘটনায় জড়িত কয়েকজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তারও করে।
অনেকের মনেই এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ২০২৪ সালের ১৪ই এপ্রিল এবং ২০২৫ সালের ১৪ই এপ্রিল – এই দুটি ঘটনা কি শুধুই কাকতালীয়? নাকি দুষ্কৃতীরা বিশেষভাবে ১৪ই এপ্রিল তারিখটিকেই সলমন খানকে নিশানা করার জন্য বেছে নিয়েছে? সময়ের সঙ্গে সঙ্গেই এই রহস্যের জট খুলবে বলে আশা করা যাচ্ছে। তবে বারবার একই দিনে এমন হুমকির ঘটনা অভিনেতার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।