OMG! ব্যাঙ্কে তালা লাগিয়ে উধাও ম্যানেজার, কোটি টাকার প্রতারণা, মাথায় হাত গ্রাহকদের

নাম ছিল ‘সমবায় ব্যাঙ্ক’, তাই সন্দেহের অবকাশ ছিল না কারও। দীর্ঘদিনের কষ্টের সঞ্চয় সেই ‘ব্যাঙ্কেই’ জমা রাখতেন এলাকার মানুষ। কিন্তু শেষ পর্যন্ত যা সামনে এল, তা অবিশ্বাস্য। হাবরার পৃথিবা পঞ্চায়েতে একটি ভুয়ো সমবায় ব্যাঙ্ক খুলে গ্রাহকদের প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছেন ‘ব্যাঙ্ক ম্যানেজার’ ফরিদা বিবি। উধাও হয়ে গিয়েছেন ব্যাঙ্কের অন্যান্য কর্মচারী আলাদিন মণ্ডল ও রুলামিন মণ্ডলও।

এই প্রতারণার শিকার হয়েছেন প্রায় হাজারখানেক গ্রাহক। সঞ্চিত অর্থ হারানোর বেদনায় দিশেহারা তাঁরা। টাকা আদৌ ফেরত পাবেন কিনা, কার কাছে যাবেন – কিছুই বুঝে উঠতে পারছেন না। বহু গ্রাহক তাঁদের সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরিদা বিবি নামের এক মহিলা হাবরার পৃথিবা পঞ্চায়েতে ‘আনোয়ার বেড়িয়া সমবায় ব্যাঙ্ক’ নাম দিয়ে একটি ভুয়ো প্রতিষ্ঠান চালান। তিনিই ছিলেন এই ‘ব্যাঙ্কের’ ম্যানেজার। দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে এই কারবার চললেও, সম্প্রতি গ্রাহকরা দেখেন ব্যাঙ্কের গেটে তালা ঝুলছে। খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন, ম্যানেজার ফরিদা বিবি সপরিবারে এলাকা ছেড়ে পালিয়েছেন। উধাও হয়ে গিয়েছেন টাকা জমা নেওয়ার দায়িত্বে থাকা কর্মচারী আলাদিন মণ্ডল ও রুলামিন মণ্ডলও।

এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতারিত গ্রাহকরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন এবং হাবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ভুয়ো কারবারের মাধ্যমে প্রায় এক কোটি টাকা প্রতারণা করা হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ফরিদা বিবির বাড়ি সিল করে দিয়েছে এবং ভুয়ো সমবায় ব্যাঙ্কের কয়েকটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একটাই দাবি, যে কোনও উপায়ে তাঁদের কষ্টের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করা হোক। হাবরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে। এই ঘটনা ফের একবার আর্থিক প্রতিষ্ঠানের উপর সাধারণ মানুষের বিশ্বাসে বড় ধাক্কা দিল।