চাকরি ফেরতের দাবিতে এবার দিল্লি চলো, যন্তর-মন্তরে ধরনা দেবেন চাকরিহারারা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস সত্ত্বেও চাকরিহারাদের আন্দোলন অব্যাহত। নিজেদের ন্যায্য দাবির সমর্থনে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চলেছেন তাঁরা। এবার নিজেদের দাবিদাওয়া নিয়ে রাজধানী দিল্লির পথে রওনা দিলেন চাকরিচ্যুত শিক্ষকরা।

জানা গিয়েছে, সোমবার ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে প্রায় ষাট জন চাকরিহারা শিক্ষক দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন। এদিন যখন একদল শিক্ষক দিল্লির দিকে রওনা দিচ্ছেন, তখন বাইরে অপেক্ষারত অন্যান্য শিক্ষকরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ (We want justice) স্লোগান দিতে থাকেন। আগামী বুধবার চাকরিহারারা দিল্লির যন্তর-মন্তরে পৌঁছে নিজেদের দাবি তুলে ধরবেন এবং ধরনায় বসবেন বলে জানা গেছে।

দিল্লিতে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক চাকরিচ্যুত ‘শিক্ষক’ বলেন, “হাইকোর্ট-সুপ্রিম কোর্ট কেউই প্রমাণ করতে পারেনি যে আমরা অযোগ্য। তারপরও আমাদের চাকরি চলে গেল।” আরেকজন চাকরিহারা শিক্ষকের বক্তব্য, “কাদের টাকা ফেরত দিতে হবে তার তালিকা দেওয়া হয়েছে। যদি যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়, তাহলে আমাদের চাকরি ফেরত দেওয়া হোক। এটাই আমাদের একমাত্র দাবি।”

এদিকে, যখন বিক্ষোভকারীরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন, ঠিক সেই সময় যোগ্য ও অযোগ্য বাছাইয়ের প্রক্রিয়ায় নেমেছে শিক্ষা দফতর। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের নিয়োগ প্যানেলের ভিত্তিতে ‘অযোগ্য’ এবং ‘চিহ্নিত নয়’ (অর্থাৎ কারা যোগ্য বা অযোগ্য সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে) এমন চাকরিহারাদের জেলাভিত্তিক আলাদা তালিকা চেয়েছে বিকাশ ভবন। এর আগে SSC সারা রাজ্যের অযোগ্য এবং চিহ্নিত নয় এমন শিক্ষকদের তালিকা শিক্ষা দফতরকে পাঠিয়েছিল। এবার তার বিপরীতে জেলাভিত্তিক তালিকা চাওয়া হল।