ফের খুনের হুমকি সলমন খানকে, গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ারও বার্তা

বলিউড সুপারস্টার সলমন খানের হুমকির ধারাবাহিকতা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ফের অভিনেতাকে দেওয়া হল খুনের হুমকি। মুম্বইয়ের ওরলি ট্রাফিক বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সলমন খানকে হত্যার হুমকি দিয়েছে এবং তাঁর গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথাও বলেছে। গত বছর সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনার পর থেকে অভিনেতা বিভিন্ন মাধ্যমে বেশ কয়েকবার হুমকি পেয়েছেন।
এই নতুন হুমকির পাওয়ার পর তৎপর হয়েছে মুম্বই পুলিশ। বিভিন্ন সূত্রে খবর, সোমবার ১৪ এপ্রিল সলমন খান হুমকি পাওয়ার পর তাঁর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই সন্দেহভাজন যুবককে তল্লাশি করা হয়েছে। সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেলে মুম্বই পুলিশ ওই দুই যুবককে আটক করে। প্রায় ৫ মিনিট ধরে তাদের এবং তাদের জিনিসপত্র তল্লাশি করার পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনার পর থেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
বাড়ানো হয়েছে সলমন খানের নিরাপত্তা
এই নতুন হুমকির প্রেক্ষিতে সলমন খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে কোনও গাড়ি পার্ক করার অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়াও, সেখানে কাউকে ছবি তুলতেও বাধা দেওয়া হচ্ছে। সলমন খান, শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে সাধারণত ভক্তদের ভিড় দেখা গেলেও, সলমন খানকে খুনের হুমকির পর তাঁর বাড়ির নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। অভিনেতার বাসভবনের বাইরে পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই এই হুমকির তদন্ত শুরু করেছে এবং হুমকি প্রেরকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।