আবারও মিড ডে মিলের বরাদ্দে বৃদ্ধি! তবে খুশি নয় শিক্ষামহলের একাংশ, কেন?

গত নভেম্বরের পর আবারও মিড ডে মিলের বরাদ্দে বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। এর আগে প্রাথমিকে ৭৪ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ১ টাকা ১২ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে মাত্র পাঁচ মাসের ব্যবধানে ফের মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হল।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক এবং উচ্চপ্রাথমিকে মাথাপিছু বরাদ্দ যথাক্রমে ৫৯ পয়সা এবং ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির ফলে বাল वाटিকা ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ৬ টাকা ৭৮ পয়সা। অন্যদিকে, উচ্চপ্রাথমিক স্তরে বরাদ্দ ৯ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে হল ১০ টাকা ১৭ পয়সা।
তবে এই সামান্য বরাদ্দ বৃদ্ধিতে শিক্ষামহলের একাংশ সন্তুষ্ট নন। তাঁদের দাবি, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে এই সামান্য বৃদ্ধি শিশুদের পুষ্টির ক্ষেত্রে তেমন কোনও ইতিবাচক প্রভাব ফেলবে না। এই বৃদ্ধি কার্যত নামমাত্র বলেই মনে করছেন তাঁরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই বর্ধিত হার আগামী ১লা মে থেকে কার্যকর হবে। খাদ্যশস্য এবং পরিবহন খরচ বাবদ কেন্দ্রীয় সরকার বছরে প্রায় ৯ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করবে। এই বৃদ্ধির ফলে চলতি আর্থিক বছরে সরকারকে অতিরিক্ত ৯৫৪ কোটি টাকা খরচ করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগে ২০২২ সালের ১ অক্টোবর কেন্দ্র মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করেছিল। সেই সময় প্রাথমিকে বরাদ্দ ৫ টাকা ৪৫ পয়সা এবং উচ্চপ্রাথমিকে ৮ টাকা ১৭ পয়সা করা হয়েছিল। দীর্ঘদিনের দাবির পর তার ২৬ মাস পর গত নভেম্বরে ফের বরাদ্দ বৃদ্ধি করা হয়। তবে অগ্নিমূল্য বাজারের কারণে পাঁচ মাসের মধ্যেই আবারও বরাদ্দ বৃদ্ধি করতে বাধ্য হল কেন্দ্র। যদিও এই বৃদ্ধি কতটা সুফল বয়ে আনবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।