SPORTS: ১১৫ বল বাকি থাকতেই জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারাল ভারত

সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশকে নাস্তানাবুদ করা জিম্বাবুয়ে এবার পাত্তাই পেলো না ভারতের কাছে। ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় হারে শুরু হলো তাদের ওয়ানডে মিশন।
বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে হারারেতে স্বাগতিকদের কোনো উইকেট না হারিয়ে ১১৫ বল হাতে রেখেই হারিয়েছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত।
টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা, অক্ষর প্যাটেলদের তোপে ৪০.৩ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
৩১ রানেই শীর্ষ ৪ ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা সিকান্দার রাজা আউট হন মাত্র ১২ রানে। অধিনায়ক রেগিস চাকাভা ৩৫ আর শেষদিকে রিচার্ড এনগারাভার ৩৪ ও ব্র্যাড ইভান্সের অপরাজিত ৩৩ রানে ভর করে ১৮৯ পর্যন্ত যেতে পেরেছে জিম্বাবুয়ে।
ভারতের দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা আর অক্ষর প্যাটেল নেন ৩টি করে উইকেট।
জবাবে ১৯০ রানের লক্ষ্য তাড়া করে দুই ওপেনার শিখর ধাওয়ান আর শুভমান গিল মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
৩০.৫ ওভার ব্যাট করে এই ওপেনিং জুটি যেন বাংলাদেশ আর ভারতের সামর্থের পার্থক্য বুঝিয়ে দেন স্বাগতিকদের। ধাওয়ান ৮১ আর গিল ৮২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।