‘জেলে ঢোকানোর’ হুমকি, আদালতে ফের বচসায় জড়ালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়-আইনজীবী অরুণাভ

একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং অন্যজন বর্ষীয়ান আইনজীবী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আইনজীবী অরুণাভ ঘোষের ‘বচসা’ আগেই দেখেছে হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের তর্কে জড়ালেন দু’জনেই।

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ‘আইন জানেন না’ বলে আক্রমণ করলেন আইনজীবী অরুণাভ ঘোষ। অন্যদিকে আইনজীবীকে ‘জেলে ঢোকানোর’ হুমকি দিলেন বিচারক। তবে উত্তপ্ত বাক্য বিনিময় শেষে অরুণাভকে বিচারপতির উদ্দেশে বলতে শোনা গিয়েছে, ‘আপনি একজন সৎ মানুষ।’

উল্লেখ্য, সম্প্রতি বাংলায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় নজিরবিহীন সব নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে।