BigNews: মন্ত্রিসভার বৈঠক, প্রিয় বালুর ওপর রেগে গেলেন মমতা

জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শীর্ষ দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর বেশ বিব্রতকর অবস্থায় তৃণমূল কংগ্রেস। দুর্নীতির অভিযোগে আরও কিছু মন্ত্রী গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে।

সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রিসভার সেই বৈঠকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলে বালু নামেই বেশি পরিচিত। জানা গিয়েছে, তাঁকে উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি এদিন সটান প্রশ্ন করেছেন, ‘বালু তোমার নামে এত অভিযোগ শুনছি কেন ? পরিচ্ছন্ন ভাবমূর্তি রেখে চলো। কেন আমাকে অভিযোগ শুনতে হবে ?’

উল্লেখ্য, রদবদলের পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানালেন, কোনও ফাইল এলে, ভালো ভাবে খতিয়ে দেখে তারপর সই করতে হবে। ক্লিন ইমেজ বজায় রাখতে হবে। পাইলট কার, লালবাতি ব্যবহার করা যাবে না।