রাজ্যপালের “জয় শ্রী রাম” স্লোগান নিয়ে বির্তক, চিঠি লিখে অপসারণ দাবি শিক্ষাবিদদের !

তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি ফের বিতর্কে জড়ালেন। মাদুরাইয়ের একটি সরকার পোষিত কলেজে ছাত্রদের “জয় শ্রী রাম” স্লোগান দিতে বলায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষাবিদদের সংগঠন ‘স্টেট প্ল্যাটফর্ম ফর কমন স্কুল সিস্টেম–তামিলনাড়ু’ (SPCSS-TN) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে রাজ্যপালকে অপসারণের জোরালো দাবি জানিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক পি.বি. প্রিন্স গজেন্দ্র বাবু এক বিবৃতিতে বলেন, “সংবিধানের ১৫৯ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন করে রাজ্যপাল ধর্মীয় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন, যা তার সাংবিধানিক দায়িত্বের সম্পূর্ণ পরিপন্থী।”
SPCSS-TN রাজ্যপালের এই আচরণকে শিক্ষাক্ষেত্রে ধর্মীয় প্রচার এবং ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে আরও বলেছে, “তামিলনাড়ুর শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ। এখানে সমস্ত ধর্মীয় পাঠ্য নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়।”
যদিও ছাত্রদের স্লোগান দেওয়ার সময় নীরব থাকতে দেখা গিয়েছে, সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কলেজের সম্মান রক্ষার্থেই সেই মুহূর্তে কোনো প্রতিবাদ করেনি। শিক্ষাবিদদের দাবি, সংবিধানের ৫১(ক) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা ও যুক্তিবাদ বিকাশের যে গুরুদায়িত্ব ন্যস্ত রয়েছে, রাজ্যপাল সেই কর্তব্য থেকেও সরে এসেছেন।
এই পরিস্থিতিতে SPCSS-TN রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অবিলম্বে আর এন রবিকে রাজ্যপালের পদ থেকে অপসারণের জন্য সরাসরি আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, রাজ্যপালের এই ধরনের আচরণ সংবিধানের মূল স্তম্ভ ধর্মনিরপেক্ষতার আদর্শকে ক্ষুণ্ণ করছে এবং রাজ্যের শিক্ষাব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলছে।