পার্ক স্ট্রিট মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর সরকারি বাস! বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা

সোমবার সকালে কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট মোড়ে ঘটল এক বড়সড় দুর্ঘটনা। হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাস আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় রাস্তার রোড ডিভাইডারের উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়েই এই বিপত্তি ঘটে।

দুর্ঘটনার সময় বাসটি যাদবপুরের অভিমুখে যাচ্ছিল। বাসে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। যদিও কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই সরকারি বাসটির সামনের দিকের দুটি চাকা শূন্যে উঠে যায়। রাস্তার মাঝখানের ডিভাইডারের একটি অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। বহু চেষ্টার পর ক্ষতিগ্রস্ত বাসটিকে ডিভাইডার থেকে নামানো সম্ভব হয়।

এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী আতঙ্কিত কণ্ঠে বলেন, “বাসটা হঠাৎ করেই ডান দিকে মোড় নিতে গিয়ে সজোরে ডিভাইডারের উপরে উঠে যায়। সেই সময় সামনে কোনো পথচারী থাকলে যে কী ভয়াবহ ঘটনা ঘটত, তা ভাবতেও গা শিউরে উঠছে!”

এই দুর্ঘটনার জেরে পার্ক স্ট্রিট মোড়ে কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক প্রভাব পড়ে। তবে, কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

পুলিশ ও পরিবহণ দফতর সূত্রে খবর, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাসের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, নাকি চালকের কোনো গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় সরকারি বাসটির গতিবেগ কত ছিল, তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সোমবার ছিল ডঃ বি. আর. আম্বেদকরের জন্মদিনের সরকারি ছুটি। ফলে অন্যান্য দিনের তুলনায় শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল। আর সেই কারণেই একটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাধারণ শহরবাসী। ব্যস্ততম কর্মদিবসে এই দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন অনেকে।