চাকরিহারাদের ‘যোগ্য’-‘অযোগ্য’ তালিকা চেয়ে পাঠাল ‘বিকাশ ভবন’, এর ভিত্তিতেই শুরু প্রার্থী চিহ্নিতকরণের প্রক্রিয়া !

এসএসসি ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি ঘিরে চলা একাধিক মামলার মধ্যে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য শিক্ষা দফতর। চাকরি হারানো প্রার্থীদের ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ হিসেবে আলাদা করে জেলাভিত্তিক তালিকা চেয়ে পাঠাল বিকাশ ভবন। এই তালিকার ভিত্তিতেই শুরু হবে প্রার্থী চিহ্নিতকরণের পরবর্তী প্রক্রিয়া। (SSC recruitment scam)

সূত্রের খবর, এর আগে এসএসসি রাজ্যজুড়ে একবার ‘অযোগ্য’ ও ‘চিহ্নিত নয়’ প্রার্থীদের একটি সামগ্রিক তালিকা শিক্ষা দফতরে পাঠিয়েছিল। এবার সেই তালিকারই নির্দিষ্ট জেলাভিত্তিক সংস্করণ চাওয়া হয়েছে। দ্রুত এই তালিকা হাতে পেলে জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) মাধ্যমে মাঠে নামবে শিক্ষা দফতর।

শীর্ষ আদালতের সুস্পষ্ট নির্দেশ মেনেই জেলাভিত্তিক যাচাইয়ের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিকাশ ভবনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “তালিকা পাওয়া মাত্রই আমরা তা দ্রুত জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শকের কাছে পাঠিয়ে দেব। এর ফলে কোন প্রার্থীরা পুনরায় চাকরিতে যোগদান করতে পারবেন এবং কারা আইনি জটিলতায় আটকে রয়েছেন, সেই বিষয়টি স্পষ্ট হবে।”

সম্প্রতি নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারা প্রার্থীদের বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেখানেই তিনি উল্লেখ করেছিলেন যে, এসএসসি ইতিমধ্যেই যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। তিনি আরও জানিয়েছিলেন, আগামী ২১শে এপ্রিল সেই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে, তবে সবকিছুই নির্ভর করছে আইন বিভাগ এবং আদালতের চূড়ান্ত অনুমতির উপর।

এছাড়াও, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে, রাজ্য সরকার প্রকৃত যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং সেই পথেই একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২০১৬ সালের এসএসসি প্যানেল দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ে আইনি জটিলতায় জর্জরিত। আদালতের নির্দেশে ইতিমধ্যেই বহু শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। তবে, যারা প্রকৃতপক্ষে মেধার ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছিল।

মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রীর সুস্পষ্ট আশ্বাসের পরেই এবার প্রশাসনিক স্তরেও দ্রুত একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে বিকাশ ভবন। জেলাভিত্তিক এই তালিকা সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।