“এবার বাড়িতে ঢুকে মারব, বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব” ফের প্রাণনাশের হুমকি ‘সলমন খান’-কে !

ফের একবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউড সুপারস্টার সলমন খান। তবে এবার আর কোনো গ্যাংস্টার নয়, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মেসেজের মাধ্যমে অভিনেতাকে ভয় দেখিয়েছে। কড়া ভাষায় লেখা সেই হুমকি বার্তায় বলা হয়েছে, “এবার বাড়িতে ঢুকে মারব এবং বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব।”
জানা গিয়েছে, মুম্বইয়ের ওরলির ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি মেসেজটি আসে। মেসেজে ভাইজানকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ভাষায় বলা হয়েছে যে, বাড়িতে ঢুকে তাঁকে খুন করা হবে। শুধু তাই নয়, বোমা দিয়ে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
এই ঘটনার পরই ওরলি থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মেসেজটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগেও বহুবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। এমনকি, কিছুদিন আগে তাঁর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাও ঘটেছিল। তবে ভাইজান এই বিষয়ে সাধারণত মুখ খোলেননি। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে বারবার সলমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘সিকন্দর’-এর প্রচারে প্রথমবার এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেতা।
সে সময় সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে, মৃত্যুর হুমকি পেয়ে তিনি কি ভয় পাচ্ছেন? এর উত্তরে সলমন আকাশের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, “ঈশ্বর, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। যতটা জীবন লেখা আছে ততদিনই বাঁচব। কখনও কখনও আমাদের এত লোককে সঙ্গে নিয়ে চলতে হয়, তখন সেটা সমস্যা হয়ে দাঁড়ায়।”
কিছুদিন আগেই ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সলমন খানের ‘সিকন্দর’ ছবিটি। বক্স অফিসে ছবিটি মোটামুটি ভালো ব্যবসা করেছে এবং বিশ্বব্যাপী ২০০ কোটি টাকার বেশি আয় করেছে। এর মধ্যেই ফের এই প্রাণনাশের হুমকি অভিনেতার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করল। পুলিশ এখন দ্রুত এই হুমকির উৎস এবং এর পেছনের ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে।