হাসি ছিল রূপকথার মতো, আর মৃত্যু? মধুবালার জীবনের শেষ ক’টা দিন কেমন কেটেছিল জানেন? তাহলে পড়ুন

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মধুবালা এক অবিস্মরণীয় নাম। তাঁর রহস্যময় সৌন্দর্য এবং অনবদ্য অভিনয় আজও দর্শক হৃদয়ে অমলিন। ‘ভেনাস অব ইন্ডিয়ান স্ক্রিন’ খ্যাত এই অভিনেত্রী পঞ্চাশের দশকে ছিলেন সবচেয়ে দামি নায়িকা। কিন্তু ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি, মাত্র ৩৬ বছর বয়সে এক মারণরোগে তাঁর জীবনাবসান ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুবালার বোন মধুর ভূষণ কিংবদন্তি এই অভিনেত্রীর জীবনের এক অজানা এবং কঠিন অধ্যায় তুলে ধরেছেন—যেখানে জনপ্রিয়তার শীর্ষে থেকেও মধুবালা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন।
মধুর ভূষণ জানান, কুড়ি বছর বয়স হওয়ার আগেই মধুবালার হৃদরোগ ধরা পড়েছিল—ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যা সাধারণ ভাষায় ‘হার্টে ফুটো’ নামে পরিচিত। সেই সময় এই রোগের তেমন কোনও চিকিৎসা ছিল না। চিকিৎসকেরা তাঁকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। সম্ভবত সেই কারণেই মধুবালা নিজের চারপাশে একটা অদৃশ্য বেড়া তৈরি করে রাখতেন। ১৯৫৪ সালের ঘটনা। ‘বহুত দিন হুয়ে’ ছবির শুটিং চলছিল। একদিন সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে আচমকা রক্ত বমি করতে শুরু করেন মধুবালা। তখন তাঁর বয়স মাত্র কুড়ির কাছাকাছি। সঙ্গে সঙ্গে দিলীপ কুমার মুম্বই থেকে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. রুস্তম জাল ভাকিলকে ডেকে পাঠান। চিকিৎসার পর অভিনেত্রীর শরীরে সেই ভয়ঙ্কর রোগটি ধরা পড়ে।
মধুরের কথায়, “দিদি এতটাই সুন্দরী আর ফিট ছিল যে আমরা ওর রোগের কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম। ও নিজেও প্রথমে বিশ্বাস করেনি, তেমন গুরুত্বও দেয়নি। সেইজন্যই দিদি কখনও জনসমক্ষে নিজের শারীরিক অবস্থার কথা বলেনি। একের পর এক ছবির শুটিং চালিয়ে গিয়েছে, নতুন নতুন ছবিতে সই করেছে।” কিন্তু এই মানসিক দৃঢ়তার চরম মূল্য দিতে হয়েছিল তাঁকে। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে দিলীপ কুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা—এই দুটো ধাক্কা ধীরে ধীরে তাঁকে নিঃশেষ করে দিচ্ছিল।
১৯৬০ সালে, অসুস্থ শরীর নিয়ে পরিবারের ও ডাক্তারদের পরামর্শ উপেক্ষা করে গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন মধুবালা। মধুর ভূষণ বলেন, “দিদি তখন খুব অসুস্থ। আব্বা বলেছিলেন, ‘এখন বিয়ে কোরো না, আগে ডাক্তার কী বলেন শোনো।’ কিন্তু ওরা বিয়ে করে। দশ দিন পরেই কিশোর ভাইয়া ওকে নিয়ে লন্ডন যায়। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন—‘হার্ট একদম শেষ। দু’বছরের বেশি বাঁচবে না।’” বিয়ের কিছুদিন পর থেকেই কিশোর কুমার ধীরে ধীরে দূরে সরে যেতে থাকেন। মধুর জানান, সম্ভবত কিশোর কুমার জানতেন যে মধুবালার হাতে বেশি সময় নেই—তাই হয়তো তিনি খুব বেশি আবেগে জড়াতে চাননি। কাজের ব্যস্ততার অজুহাতে তিনি মধুবালাকে তাঁর পৈতৃক বাড়িতে রেখে যান। সেখানে একা দিন কাটাতেন মধুবালা—ফুসফুসে রক্ত, শরীরে অসহ্য যন্ত্রণা, পাশে শুধু অক্সিজেন সিলিন্ডার। আর কিছুই ছিল না। মধুর ভূষণের মতে, এই অবিশ্বাস আর চাপা কষ্ট ধীরে ধীরে মধুবালার জীবন কেড়ে নেয়। বাইরে থেকে তিনি তখনও জীবন্ত ছিলেন, কিন্তু ভেতর থেকে ছিলেন রক্তাক্ত।
ফেব্রুয়ারির এক সকালে, মধুবালার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শুরু হয় প্রবল রক্তপাত। মধুর বলেন, “আব্বা কিশোর ভাইয়াকে ফোন করেন। বলেছিলেন, ‘কিশোর, ফ্লাইট বাতিল করো, ও আর নেই।’ কিন্তু কিশোর তখন একটি শো-তে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি এলেও, সময় মতো পৌঁছাতে পারেননি। দিদি তখন নিস্তেজ, তাঁর চোখ চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল।” মধুবালার এই করুণ পরিণতি আজও তাঁর ভক্তদের ব্যথিত করে তোলে।