ওয়াকফ-আঁচে আতঙ্কিত ফরাক্কার TMC বিধায়ক! বাড়ির গেটে আগুন জ্বালানো, ইট-পাটকেল ছোড়া

মুর্শিদাবাদে ওয়াকফ সম্পত্তি নিয়ে চলা অশান্তির আঁচ এবার ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মণিরুল ইসলামের বাড়িতেও। তিনি অভিযোগ করেছেন, তাঁর বাড়ির গেটের সামনে আগুন জ্বালানো হয়েছে এবং ইট-পাটকেল ছোড়া হয়েছে। এই ঘটনায় তাঁর পরিবার আতঙ্কিত বলে জানিয়েছেন বিধায়ক। অন্যদিকে, জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানকেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে গতকালই তাঁরা থানায় অভিযোগ জানাতে যান।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম বলেন, “পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। তাই আমি তাদের আমার রতনপুরের বাসভবনে নিয়ে যাই। সেখানে আমার বৃদ্ধা মা এবং পুরো পরিবার থাকে। আমরা দুই ভাই। বড় ভাই এখানেই থাকেন। আমি এমএলএ হওয়ার পর ওই বিধানসভায় চলে যাই। সামশেরগঞ্জ ব্লকের দুটো অঞ্চল আমার ফরাক্কা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আমি এখন কাঞ্চনতলা অঞ্চলে বসবাস করছি। আমার পরিবারের উপর হামলা হয়েছে। আমার গাড়িতে ইট-পাটকেল ছোড়া হয়েছে, অল্পের জন্য বেঁচে গেছি। আমার গেটের সামনেও আগুন লাগানো হয়েছে। এখনও বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। এই ভয়াবহ পরিস্থিতি চলছে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি, রাস্তায় যেন কোনো ভিড় না থাকে এবং রাস্তা পরিষ্কার করে দেওয়া হোক।”
অন্যদিকে, ওয়াকফ অশান্তির ঢেউ লেগেছে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের উপরও। তিনি বলেন, “গতকালের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও আহত। এমনটা কাম্য ছিল না, আমরা কখনো আশা করিনি। আমার ৬৫ বছরের জীবনে এমন দৃশ্য দেখিনি, শুনিনি। দেখলাম, নেতৃত্ব ও ব্যানারবিহীন একদল যুবক রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, যারা ওয়াকফ সম্পর্কে কিছুই বোঝে না। আমি যখন দলীয় কর্মসূচিতে জঙ্গিপুর যাচ্ছিলাম, গাড়ি থেকে নেমে হাতজোড় করে তাদের ফিরে যেতে অনুরোধ করি। কিন্তু তারা উল্টে আমাকে গালিগালাজ শুরু করে। পুলিশ সরিয়ে দিলে আমি সাজুর মোড়ের দিকে এগোই, সেখানে আমার গাড়িতে হামলা হয়। মনে হচ্ছিল, আমাকে গাড়ি থেকে নামিয়ে মারবে। পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে। তাদের উদ্দেশ্য কী ছিল, তা পুলিশও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারছি না।”
এই পরিস্থিতিতে সুতি ও সামশেরগঞ্জের একাধিক এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও বিএসএফ লাগাতার টহল দিচ্ছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দুই জনপ্রতিনিধির উপর হামলার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।