দিল্লির বুকে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা! ধসে পড়া দেওয়ালে চাপা পড়ে মৃত্ ১ আহত ৩

রাজধানী দিল্লির বুকে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাত পৌনে ন’টা নাগাদ মধুবিহার এলাকায় আচমকা দুটি দেওয়াল ধসে পড়লে চাপা পড়েন চার পথচারী। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচেছেন।
পুলিশ সূত্রে খবর, রাত ৮টা ৪৬ মিনিট নাগাদ মধুবিহারের একটি ব্যস্ত রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে দুটি দেওয়াল ভেঙে পড়লে চারজন পথচারী তার নীচে চাপা পড়েন। কোনোক্রমে তিনজন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও, ঠিক তখনই সামনের একটি দোকানের দেওয়াল ভেঙে পড়ে এবং একজন ব্যক্তি তার নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ভয়াবহ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট করে তুলেছে। ফুটেজে দেখা যাচ্ছে, আচমকাই বিকট শব্দে দেওয়াল ভেঙে পড়ছে এবং পথচারীরা তার নীচে চাপা পড়ছেন।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুর্বল নির্মাণ বা অন্য কোনো কারণে দেওয়ালটি ভেঙে পড়েছে। তবে তদন্তের পরই আসল কারণ জানা যাবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।