বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য! ইসকন সন্ন্যাসীর জামিন না মেলায় সরব সংখ্যালঘু হিন্দুরা

বাংলাদেশে অব্যাহত রয়েছে অস্থির পরিস্থিতি। নতুন বছরেও মুক্তি মেলেনি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর। পদ্মাপারের এই অশান্তি নিয়ে এবার মুখ খুললেন সেদেশের সংখ্যালঘু হিন্দুরা। ইসকন সন্ন্যাসীর উপর ধারাবাহিক অত্যাচারের অভিযোগ তুলে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তির দাবি জানাল বাংলাদেশ সনাতন পার্টি।
শনিবার এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশ সনাতন পার্টির নেতারা অভিযোগ করেন, ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে কোনো কারণ ছাড়াই কারাগারে আটকে রাখা হয়েছে। অবিলম্বে তাঁর মুক্তি না দিলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
সনাতন পার্টির অভিযোগ, বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষ বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। তাঁদের টার্গেট করে মিথ্যা মামলা দায়ের করে ফাঁসানো হচ্ছে, অথচ তাঁরা ন্যায়বিচার পাচ্ছেন না। বাংলাদেশ সনাতন পার্টির আরও দাবি, সাম্প্রতিক গণ আন্দোলনের সময় সেদেশের সংখ্যালঘুরা রাষ্ট্রের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তারপর থেকেই বেছে বেছে হিন্দুদের নিশানা করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে চিন্ময় প্রভুকে।
এদিনের সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ সনাতন পার্টির আরেক নেতা দাবি করেন, ১৯৪৭ সাল থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত। তাঁরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার। কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই তাঁদের উপর হামলা চালানো হয়। বাড়িঘর লুটপাট, মন্দির ভেঙে দেওয়া এবং ঠাকুরের মূর্তি-বিগ্রহ নষ্ট করে দেওয়া যেন নৈরাজ্যের বাংলাদেশে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, দেশে গণ আন্দোলনের সময় সংখ্যালঘু হিন্দুরা রুখে দাঁড়িয়েছিলেন, তারই ফলস্বরূপ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের নেতা তথা ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে। মাসের পর মাস বিনা বিচারে তাঁকে জেলে আটকে রাখা হয়েছে। এমনকি তাঁর হয়ে আইনি লড়াই করতে চাওয়া আইনজীবীকেও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নিপীড়ন ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। বিভিন্ন মহল থেকে বহু অভিযোগ উঠে আসছে। নতুন বছরে চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তি মিলবে বলে অনেকেই আশা করেছিলেন। তবে গত জানুয়ারি মাসে সেই আশা পূরণ হয়নি। ফলে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের জেলেই বন্দি রয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভু।
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার পরবর্তী সরকারে ধর্মান্ধদের আস্ফালন বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সখ্যতা বৃদ্ধির ইঙ্গিতও ইতিমধ্যেই পাওয়া গেছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সালের পাক অত্যাচার ও ভাষা আন্দোলনের ইতিহাস ভুলে বাংলাদেশ ক্রমশ মিত্র দেশ ভারতের প্রতি বৈরী মনোভাব পোষণ করছে বলেও অভিযোগ উঠেছে। জিন্নাহর কাছ থেকে ছিনিয়ে নেওয়া বাংলাদেশ কি ফের পূর্ব পাকিস্তানে পরিণত হওয়ার পথে? এমন প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলেও ঘুরপাক খাচ্ছে।