জ্বলছে মুর্শিদাবাদ! বিকেলে ‘শান্তির চায়ে’ মগ্ন ইউসুফ পাঠান, বিজেপি বলল ‘এটাই TMC’

ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে যখন মুর্শিদাবাদ হিংসায় অগ্নিগর্ভ, তখন সেখানকার তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি পোস্ট করায় বিজেপি তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানা করেছে।
মুর্শিদাবাদ যখন জ্বলছে, তখন বিকেলে শান্তির চায়ে চুমুক দিচ্ছেন ইউসুফ পাঠান – নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই তিনটি ছবি শেয়ার করেছেন বহরমপুরের এই সাংসদ। ক্যাপশনে তিনি লিখেছেন, “আনন্দময় বিকাল, ভাল চা, আর শান্ত পরিবেশ। শুধু মুহূর্তের মধ্যে ডুবে যাওয়া।।” ইউসুফ পাঠানের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা তাঁকে তীব্র কটাক্ষ করতে শুরু করেন।
অনেকেই তাঁর এই আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী সরাসরি লিখেছেন, “তোমার কি লজ্জা আছে?” বহু মানুষ তাঁকে ‘লাপাত্তা সাংসদ’-এর তকমা দিয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বাম ও বিজেপিও ইউসুফ পাঠানের সমালোচনায় সরব হয়েছে। বিজেপি সরাসরি ইউসুফ পাঠান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছে।
বিজেপির মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতির ছবি পোস্ট করে লিখেছেন, “বাংলা জ্বলছে, হাইকোর্ট বলেছে তারা চোখ বন্ধ করে বসে থাকতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। পুলিশ নীরব! এদিকে এমপি ইউসুফ পাঠান শান্তিতে চায়ে চুমুক দিচ্ছেন। হিন্দুদের হত্যা উপভোগ করছেন। এটাই তৃণমূল।”
উল্লেখ্য, ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ। লোকসভা নির্বাচনে প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে পরাজিত করে তিনি জয়ী হয়েছিলেন। তাঁকে প্রার্থী করার সময় থেকেই প্রশ্ন উঠেছিল গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠানকে কেন বাংলায় প্রার্থী করা হল। যদিও তৃণমূল কংগ্রেস সেই প্রশ্নের কোনো সদুত্তর দেয়নি। তবে মুর্শিদাবাদ যখন জ্বলছে, তখন সাংসদের এহেন ছবি পোস্ট করা এলাকার মানুষও ভালোভাবে নেয়নি। তাঁদের মনেও প্রশ্ন উঠেছে, এমন স্পর্শকাতর পরিস্থিতিতে কেন সাংসদ নিজের এলাকার মানুষের পাশে না থেকে দূরে রয়েছেন এবং এই ধরনের ছবি পোস্ট করছেন।