বাংলা নববর্ষে টানা ৯দিনের লম্বা ছুটি উপভোগ করার সুযোগ! দেখেনিন নবান্নের ভ্যাকেশন লিস্ট

বাংলা নববর্ষের আগমন মানেই উৎসবের মরশুম শুরু। আর এই সময় রাজ্য সরকারি কর্মীদের জন্য এল এক দারুণ সুখবর। এপ্রিল মাস জুড়ে একের পর এক উৎসবের কারণে থাকছে একাধিক ছুটির দিন। যার ফলে স্কুল, কলেজ থেকে শুরু করে ব্যাঙ্ক এবং সরকারি অফিসগুলিতেও লম্বা ছুটি উপভোগ করার সুযোগ মিলছে।

আসলে, প্রতিদিনের কাজের চাপে ছুটি পাওয়া ভাগ্যের ব্যাপার। সাধারণত শনি ও রবিবার ছাড়া হাতে গোনা কয়েকটা ছুটির দিনই জোটে। যার ফলে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তবে এবার রাজ্য সরকারি কর্মীরা (WB Government Employees) এক বা দু’দিন নয়, টানা ৯ দিনের ছুটি নিতে পারবেন। আর সেই সুযোগ করে দিচ্ছে স্বয়ং রাজ্য সরকার।

আগামী সপ্তাহে রাজ্য সরকারি অফিসগুলিতে মোট তিন দিন ছুটি রয়েছে। আগামী সোমবার ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন এবং মঙ্গলবার বাংলা নববর্ষের কারণে সরকারি অফিস বন্ধ থাকবে।

ওই সপ্তাহেই, অর্থাৎ আগামী শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষ্যে আরও একটি ছুটি রয়েছে। এর ফলে, সরকারি কর্মীদের হাতে থাকছে শুধু বুধ ও বৃহস্পতিবার—এই দুটি কর্মদিবস। কোনো সরকারি কর্মচারী যদি এই বুধ ও বৃহস্পতিবারের ছুটি নিতে পারেন, তাহলে সোম থেকে শুরু করে শনি ও রবিবার পর্যন্ত—মোট নয় দিনের লম্বা ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।

তবে, রাজ্য সরকারি কর্মীদের ছুটির নিয়ম অনুযায়ী, টানা ছয় দিনের বেশি ছুটি নিতে হলে ক্যাজুয়াল লিভ (CL) অর্থাৎ নৈমিত্তিক ছুটি নেওয়া যায় না। সেক্ষেত্রে কর্মীদের আর্নড লিভ (EL) বা অর্জিত ছুটি নিতে হবে।

নিয়ম অনুযায়ী, কোনো কর্মী যদি নৈমিত্তিক ছুটি (CL) নেন, তাহলে ছুটির জন্য আগে থেকে আবেদন করার প্রয়োজন হয় না। কাজে যোগ দেওয়ার পরেও ছুটির আবেদন করা যেতে পারে।

অন্যদিকে, অর্জিত ছুটির (EL) ক্ষেত্রে কর্মীদের অবশ্যই আগে থেকে ছুটির আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। বর্তমানে সরকারি কর্মীদের ছুটির জন্য আবেদন অনলাইনে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে করতে হয়।

এই বিষয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন সরকারি অফিসে কর্মচারীদের মধ্যে জোর আলোচনা চলছে। এমনকি সামাজিক মাধ্যমে সরকারি কর্মীদের বিভিন্ন গ্রুপে মাঝের দুই দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার কীভাবে ছুটি নেওয়া যায়, তা নিয়ে রীতিমতো পরিকল্পনা চলছে। অনেকেই এই লম্বা ছুটিটিকে কাজে লাগিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন। সব মিলিয়ে, বাংলা নববর্ষের এই সময়টা রাজ্য সরকারি কর্মীদের জন্য সত্যিই পোয়াবারো হতে চলেছে।