অষ্টম বেতন কমিশনে বড়ো চমক ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের স্বাস্থ্য পরিষেবাতেও মিলতে পারে বিশেষ সুবিধা?

বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। দীর্ঘদিনের দাবি মেনে অষ্টম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর পর থেকেই নতুন পে কমিশন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সরকারি কর্মীদের বেতন এবং পেনশনভোগীদের পেনশন কতটা বাড়তে পারে, তা নিয়ে চলছে নানা জল্পনা। এই আবহে এবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে এল এক বড় খবর!
কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের কর্মজীবনে একাধিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। মহার্ঘ ভাতা (DA) থেকে শুরু করে স্বাস্থ্য প্রকল্পের মতো বিভিন্ন সুবিধা তাঁরা ভোগ করেন। কেন্দ্রীয় সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বল্প খরচে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম (CGHS) চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় রোগ নির্ণয়ের পরীক্ষা, ওষুধ এবং চিকিৎসা সহ সবকিছু কম খরচে পাওয়া যায়। তবে এবার এই স্কিমেই আসতে চলেছে বড়সড় পরিবর্তন।
সূত্রের খবর, অষ্টম বেতন কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে পরিবর্তন আনা হতে পারে। কারণ, এই স্বাস্থ্য পরিষেবা এখনও পর্যন্ত দেশের প্রতিটি শহর বা অঞ্চলে পৌঁছাতে পারেনি। ফলে বহু সরকারি কর্মী ও পেনশনভোগী এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিগত বেশ কয়েকটি বেতন কমিশনে একটি নতুন, বাস্তবসম্মত এবং ব্যাপক স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনেও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রস্তাব ছিল, যদিও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি।
তবে, অষ্টম বেতন কমিশন চালুর আগেই শোনা যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের (CGHS) পরিবর্তে একটি নতুন বিমা-ভিত্তিক প্রকল্প চালু করা হতে পারে। রিপোর্টের অনুযায়ী, এই নতুন প্রকল্পের নাম হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স হেলথ ইন্স্যুরেন্স স্কিম (CGEPHIS)। মনে করা হচ্ছে, আইআরডিএআই (IRDAI) নিবন্ধিত বিমা সংস্থাগুলির মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা সম্প্রতি মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সুখবর পেয়েছেন। গত মার্চ মাসেই কেন্দ্র ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছে। এর ফলে এখন থেকে তাঁরা ৫৫ শতাংশ হারে ডিএ পাবেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই অষ্টম বেতন কমিশনে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রকল্পে পরিবর্তনের জল্পনা শুরু হওয়ায় সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। এখন সকলে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।