জয়নগরে মর্মান্তিক দুর্ঘটনা ! 11 হাজার ভোল্টেজের ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

প্রতিদিনের মতো কাজ সেরে রাতে সাইকেলে করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হল জুলফিকার শেখের (৩৪)। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গঞ্জের বাজার এলাকায় রাস্তার উপর ছিঁড়ে পড়ে থাকা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত জুলফিকার শেখ জয়নগর থানার উত্তর দুর্গাপুর গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ কালবৈশাখীর দাপটে রাস্তার উপর ছিঁড়ে পড়ে একটি বিপজ্জনক হাইভোল্টেজের বিদ্যুতের তার। অসাবধানতাবশত জুলফিকারের গায়ে সেই তারটি স্পর্শ করলে মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঝড়ের মধ্যে দীর্ঘক্ষণ জুলফিকারের নিথর দেহ রাস্তাতেই পড়ে ছিল। পরে স্থানীয় এক গ্রামবাসী দেহটি দেখতে পেয়ে দ্রুত গ্রামে খবর দেন। একইসঙ্গে খবর দেওয়া হয় জয়নগর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা। এরপর এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে মৃতদেহটি উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহারুল্লাহ গাজি। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, “জুলফিকার প্রতিদিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর গায়ে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিদ্যুৎ দফতরের কোনো গাফিলতি ছিল কিনা, সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জুলফিকারের পরিবার ও এলাকায়। স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দফতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে, সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।