এনজিওর আড়ালে ভয়াবহ মানবপাচার চক্র! গণবিবাহের নামে মহিলাদের কেনা-বেচা, তাজ্জব পুলিশও

জয়পুরের কাছে সুজনপুরা গ্রামে এক অবিশ্বাস্য ও ঘৃণ্য ঘটনার পর্দাফাঁস করেছে পুলিশ। একটি এনজিওর আড়ালে রমরমিয়ে চলছিল মানবপাচার চক্র। দরিদ্র পরিবারের মেয়েদের গণবিবাহের প্রতিশ্রুতি দিয়ে আনা হত এনজিওতে। এরপর তাদের বিক্রির জন্য খোঁজা হত পাত্র। আগ্রহী যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা, আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হত পণ হিসেবে। টাকা দিলেই সহজলভ্য হয়ে উঠত সেই অসহায় মেয়েরা।
স্থানীয় থানার ইনচার্জ অভিজিৎ পাটিল জানিয়েছেন, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তরপ্রদেশের গরিব পরিবার থেকে মেয়েদের ভুল বুঝিয়ে বা প্রলোভন দেখিয়ে পাচার করে আনা হত। একটি সুসংগঠিত চক্র এই মেয়েদের ‘গায়ত্রী সর্ব সমাজ ফাউন্ডেশন’ নামের ওই এনজিওর মালিকের হাতে তুলে দিত। এরপর এনজিওর কর্ণধার গায়ত্রী তাদের বিবাহের নামে ক্রেতা খুঁজতে শুরু করতেন। মেয়েদের ‘দাম’ নির্ধারিত হত তাদের গায়ের রঙ, উচ্চতা এবং বয়সের ওপর ভিত্তি করে। এমনকি নাবালিকা মেয়েদের বয়স ১৮ বছরের বেশি দেখানোর জন্য জাল আধার কার্ডও তৈরি করত গায়ত্রী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি এখনও পর্যন্ত প্রায় ১,৫০০টিরও বেশি এমন ‘বিয়ে’র আয়োজন করেছে।
গত রবিবার উত্তরপ্রদেশের এক ১৬ বছর বয়সি কিশোরী সুজনপুরার একটি ফার্ম হাউস থেকে পালিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ জানায়। সেই মেয়েটির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফার্ম হাউসে অভিযান চালায় এবং গায়ত্রী, তার সহযোগী হনুমান এবং আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত অন্য দুজন, ভগবান দাস এবং মহেন্দ্র, ওই কিশোরীকে ‘কিনতে’ এসেছিল বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ গায়ত্রীর বিরুদ্ধে দশটি মামলা রুজু করেছে।
পুলিশ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, এই ধরনের কার্যকলাপ সম্পর্কে তারা কিছুই জানত না। তারা শুধু এটাই জানত যে ওই ফার্ম হাউসে গরিব পরিবারের মেয়েদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়। ফার্ম হাউসটি গ্রামের জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় ভেতরে কী ঘটত, সে সম্পর্কে তাদের কোনও ধারণা ছিল না। গ্রামবাসীরা আরও জানায়, প্রায় চার মাস আগে আরও একটি মেয়ে পালিয়ে এসে স্থানীয়দের কিছু বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ভাষাগত সমস্যা থাকায় তারা মেয়েটির কথা বুঝতে পারেনি।
এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের খুঁজে বের করার জন্য জোরদার তল্লাশি অভিযান চলছে এবং যারা এর সঙ্গে যুক্ত, তাদের কঠোর আইনি শাস্তির মুখে পড়তে হবে।