দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় কামব্যাক শ্রীময়ী চট্টরাজের! দেখা যাবে ‘বুলেট সরোজিনীতে’

দীর্ঘ বিরতির পর অবশেষে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। ব্যক্তিগত জীবনের কারণে বেশ কিছুদিন ধরে ধারাবাহিক থেকে দূরে ছিলেন তিনি। বিয়ের পর কাজ করলেও, অন্তঃসত্ত্বা হওয়ার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শ্রীময়ী। গত বছর তিনি এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। স্বামী কাঞ্চন মল্লিক এবং কন্যা কৃষভিকে ঘিরেই এখন তাদের জীবন। মেয়ের নাম রেখেছেন কৃষভি। আর এবার ফের নিজের কেরিয়ারের দিকে মন দিয়েছেন শ্রীময়ী। প্রায় এক বছরেরও বেশি সময় পর নতুন একটি ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে।

সম্প্রতি স্টার জলসায় মুক্তি পেয়েছে তাদের নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’র প্রোমো। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দিয়া বসু (Diya Basu), অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) এবং অভিষেক বীর শর্মা (Abhishek Veer Sharma)। ত্রিকোণ প্রেমের একটি আকর্ষণীয় গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক। আর এখানেই অভিষেক বীর শর্মার মায়ের চরিত্রে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম রাগিনী চট্টোপাধ্যায়। তবে এই চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, তা এখনও পর্যন্ত রহস্যের আড়ালেই রাখা হয়েছে।

প্রকাশিত প্রোমোতে শ্রীময়ীর একটি ছোট্ট ঝলক দেখা গিয়েছে। সেখানে তাঁকে একটি ব্যালকনিতে বসে বীণা বাজাতে দেখা যাচ্ছে। এই দৃশ্য থেকেই অনুমান করা যায়, ধারাবাহিকে তিনি সম্ভবত একটি অবস্থাপন্ন পরিবারের কর্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন।

এর আগে, এবিপি লাইভের সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রীময়ী তাঁর কাজে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। তখন তাঁর মেয়ে কৃষভির বয়স ছিল চার মাস। এতদিন কৃষভির পরিচর্যাতেই নিজেকে নিয়োজিত রেখেছিলেন শ্রীময়ী। বাড়িতেই ছোট্ট কৃষভির সঙ্গে সময় কাটছিল তাঁর। তবে সেই সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি কাজে ফিরতে চান। তিনি বলেছিলেন, ‘কৃষভি আসলে দিনে ঘুমায়, রাতে জাগে। তাই ওর জন্য আমাকেও রাতে জেগে থাকতে হয়। সেই রুটিনটা বদলাতে হবে কাজে যোগ দিলে। মায়ের কাছেই বেশিরভাগ সময়টা থাকে কৃষভি। তবে ওকে ছেড়ে কাজে যেতে হবে ভাবলেই মন কেমন করছে। আমার মা বলে, ও আমার পুতুল। ওকে ঘুম থেকে উঠিয়ে আদর করি, চটকাই। খুব বিরক্ত হয়। মা বলে, ও নাকি আমার থেকে জেদটা পেয়েছে। কিছু চাই তো চাই। অথচ দেখতে হয়েছে বাবার মতো। বাইরে কাজে গেলেও, ওর দিকেই মন পড়ে থাকবে। ও হয়তো বলতে পারবে না, কিন্তু ও আমাকেও মিস করবে।’

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের মাধ্যমে শ্রীময়ীর কামব্যাক তাঁর অনুরাগীদের জন্য নিঃসন্দেহে একটি খুশির খবর। এখন দেখার অপেক্ষা, রাগিনী চট্টোপাধ্যায়ের চরিত্রে শ্রীময়ী কতটা মুগ্ধ করতে পারেন দর্শকদের।