২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রী ‘তাহাউর রানা’ দেশে ফিরছেন আজ, দিল্লিতে আঁটসাঁট নিরাপত্তার চাদর !

২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে (Tahawwur Rana) আজ বৃহস্পতিবার বিকেলে ভারতে আনা হচ্ছে। গোপন সূত্রে খবর, গতকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী দলের উচ্চপদস্থ আধিকারিকরা রানাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে যান। আজ বিকেলে একটি বিশেষ উড়ানে করে রানাকে দিল্লি নিয়ে আসা হবে।
২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারী এই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানা নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একজন সক্রিয় সদস্য। ৬৪ বছর বয়সী এই ব্যক্তি মুম্বই হামলার প্রধান পরিকল্পনাকারী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত রানার শেষ আইনি বাধা খারিজ করে দেওয়ার পরেই তার প্রত্যর্পণের পথ প্রশস্ত হয়।
তদন্তকারী সংস্থাগুলির দাবি, রানা শুধু হামলার পরিকল্পনাতেই যুক্ত ছিল না, বরং হামলার কয়েক দিন আগে, ২০০৮ সালের ১১ই নভেম্বর দুবাই হয়ে মুম্বই এসেছিল। সে শহরের বিলাসবহুল হোটেল রেনেসাঁয় অবস্থান করে এবং হামলার প্রস্তুতি খতিয়ে দেখে। এর ঠিক পাঁচ দিন পরেই, ২৬শে নভেম্বর, মুম্বই ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়।
দিল্লিতে রানাকে অবতরণের পরই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) তাকে গ্রেফতার করবে। এরপর তাকে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হতে পারে। বিশ্বস্ত সূত্রে খবর, রানাকে তিহার জেলের একটি কঠোর নিরাপত্তাবেষ্টিত সেলে রাখা হতে পারে। তার আগমন উপলক্ষে কারাগারের বাইরে ইতিমধ্যেই ব্যাপক পুলিশি মোতায়েন করা হয়েছে। কার্যত, গোটা রাজধানী শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
উল্লেখ্য, লস্কর-ই-তৈয়বা এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদদে ভারতে হামলাকারীদের চিহ্নিত করার কাজে ডেভিড কোলম্যান হেডলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
আশা করা হচ্ছে, রানাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনআইএ। পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ আদালতে তাকে পেশ করা হবে। তদন্তকারী সংস্থা ইমেল, তার ভ্রমণ সংক্রান্ত নথি এবং ইতিমধ্যেই সংগ্রহ করা সাক্ষীদের বয়ানের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলির মুখোমুখি বসিয়ে তাকে জেরা করতে পারে। গোয়েন্দা সূত্রের খবর, রানার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৬/১১ মুম্বই হামলায় পাকিস্তানের রাষ্ট্রীয় মদদের নতুন দিক উন্মোচিত হতে পারে। আদালত যদি রানাকে এনআইএ-র হেফাজতে রাখার অনুমতি দেয়, তবে তাকে তিহার জেলের উচ্চ-নিরাপত্তা কক্ষে রাখা হবে, যেখানে তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৬/১১-এর মুম্বই হামলার মূল অভিযুক্ত রানার প্রত্যর্পণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এই পদক্ষেপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের একটি “বড় সাফল্য” এবং প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতার প্রমাণ বলে উল্লেখ করেছেন। শাহ বলেন, সন্ত্রাসবাদীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের লাগাতার প্রচেষ্টা অবশেষে ফলপ্রসূ হতে চলেছে। “রানার প্রত্যর্পণ প্রধানমন্ত্রী মোদীর কূটনীতির একটি বড় জয়,” মন্তব্য করেন শাহ। তিনি আরও বলেন, “রানার বিচার হবে এবং যারা ভারতের সম্মান ও জনগণের উপর আঘাত হানার সাহস দেখিয়েছে, তাদের কাছে এটি একটি কঠোর বার্তা।”
কংগ্রেসের নাম না করে অমিত শাহ, ২০০৮ সালে মুম্বইয়ে ১৬৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরেও রানাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ব্যর্থ হওয়ার জন্য পূর্ববর্তী সরকারগুলির সমালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, “তৎকালীন সরকার তাকে বিচারের মুখোমুখি করতে পারেনি। কিন্তু এখন তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।”
প্রসঙ্গত, রানা বর্তমানে লস অ্যাঞ্জেলেসের একটি ডিটেনশন সেন্টারে বন্দি ছিল। তার প্রত্যর্পণ প্রক্রিয়ার সরাসরি তত্ত্বাবধান করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। ২০২০ সালে ভারতের অনুরোধের ভিত্তিতে রানার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই প্রত্যর্পণে চূড়ান্ত অনুমোদন দেন।