অভয়া তহবিল নিয়ে বিতর্ক! ‘পাই পয়সার হিসেব’ বুঝিয়ে দেবে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, ১৬ই এপ্রিল আরজি কর কনভেনশনের ডাক

২০২৪ সালের আগস্ট মাস থেকে শিরোনামে থাকা আরজি কর হাসপাতাল ফের চর্চায়। গত বছরের ৯ই আগস্ট এই মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। ধর্ষণ ও খুনের সেই নৃশংস ঘটনা (RG Kar Case) নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলা। এর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) একটি বড় অংশ। সেই আন্দোলনের সময়ই তৈরি হয়েছিল অভয়া তহবিল। তবে পরবর্তীতে এই তহবিল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এবার সেই তহবিলের যাবতীয় হিসেব জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

বুধবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া সহ অন্যান্যরা। সেখানেই অনিকেত মাহাতো ঘোষণা করেন যে, সাধারণ মানুষের কাছে তহবিলের প্রতিটি পয়সার হিসেব স্পষ্ট করে দেওয়া হবে।

আরজি কর কাণ্ডের (RG Kar Case) এই জুনিয়র ডাক্তার অনিকেত বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রত্যেকটি পাই পয়সার হিসেব দেবে। আগামী ১৬ই এপ্রিল আরজি কর মেডিক্যাল কলেজে একটি কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। এই কনভেনশনের মাধ্যমেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সাধারণ মানুষের কাছে অভয়া তহবিলের যাবতীয় আয়-ব্যয়ের হিসেব তুলে ধরবে’।

আরও পড়ুনঃ নববর্ষের আগেই সুখবর! আচমকাই সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি করল রাজ্য, খুশি সকলে

আচমকা এই সিদ্ধান্ত নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন অনিকেত। তিনি বলেন, ‘সাধারণ মানুষ আমাদের যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই পাই পয়সার হিসেব মিটিয়ে দেব’।

উল্লেখ্য, গত বছরের ৯ই আগস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা (RG Kar Case) প্রকাশ্যে আসে। হাসপাতালের চার দেওয়ালের মধ্যেই ঘটেছিল এই নারকীয় ঘটনা। অভয়ার মৃত্যুতে পথে নেমে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। কর্মবিরতি থেকে শুরু করে অনশন পর্যন্ত কর্মসূচি পালন করেছিলেন তাঁরা। সেই সময় অভয়া নামে একটি তহবিল গঠন করা হয়। তবে সম্প্রতি সেই তহবিল নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হওয়ায়, ফান্ডের সম্পূর্ণ হিসাব জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ১৬ই এপ্রিল আরজি কর মেডিক্যাল কলেজের কনভেনশনে এই হিসেব পেশ করা হবে বলে জানানো হয়েছে।