চাকরি চেয়ে জুটছে লাঠি, লাথি! এবার চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা পুলিশের

চাকরি ফেরত চেয়ে আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ ও লাথি মারার ঘটনার পর, এবার চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা দায়ের করল পুলিশ। সূত্রের খবর, চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয় আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিসি (ডিআই) এবং কসবা থানায় এই মামলা দুটি রুজু করা হয়েছে।
চাকরি ফেরানোর দাবিতে বুধবার রাতভর সল্টলেকের এসএসসি ভবনের কাছে অবস্থান চালিয়ে গিয়েছেন চাকরি হারানো শিক্ষকরা। তাঁদের স্পষ্ট ঘোষণা, সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত তাঁরা খোলা আকাশের নীচে ধর্না চালিয়ে যাবেন।
অন্যদিকে, এসএসসি ভবনের দেওয়ালে বিধাননগর কমিশনারেটের তরফে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস সাঁটানো হয়েছে। যদিও নোটিসের তারিখ ২১শে ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। সেই নোটিসে ২২শে ফেব্রুয়ারি থেকে ২২শে এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে জমায়েত এবং মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে চাকরিহারা শিক্ষকরা সল্টলেকের এসএসসি ভবনের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে এবং লাথি মারে। এরপর বুধবার রাত ১০টা নাগাদ আচার্য সদনের ফটকের সামনে বিধাননগর কমিশনারেটের ওই বিতর্কিত নোটিসটি দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষকরা পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। তাঁদের বক্তব্য, শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করা সত্ত্বেও তাঁদের উপর বলপ্রয়োগ করা হয়েছে এবং এবার মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, এই ধরনের দমনমূলক নীতি তাঁদের আন্দোলনকে দুর্বল করতে পারবে না।
এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সম্মানজনক সমাধানে পৌঁছানোর দাবি জানিয়েছে।
এখন দেখার বিষয়, পুলিশি পদক্ষেপের পর চাকরিহারা শিক্ষকরা তাঁদের আন্দোলন কোন পথে এগিয়ে নিয়ে যান এবং রাজ্য সরকার এই পরিস্থিতিতে কী ভূমিকা নেয়।