ট্রাম্পের ট্যারিফে প্রবল চাপে টাকা, ডলারের তুলনায় আরও পড়ল ভারতীয় মুদ্রার দাম

ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ট্যারিফের জেরে আন্তর্জাতিক বাণিজ্যে প্রবল চাপ সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় অর্থনীতিতেও। মঙ্গলবার আরও দুর্বল হল ভারতীয় টাকার দাম। প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৬ টাকা ছাড়িয়ে গেল। ডলার সূচক শক্তিশালী হওয়ার কারণেই মূলত টাকার এই পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ভারতীয় মুদ্রার বিনিময় হার ডলারের বিপরীতে দাঁড়িয়েছে ৮৬.২৬ টাকায়। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সোমবার এই হার ছিল ৮৫.৮৪ টাকা। গত ২০শে মার্চের পর এই প্রথম ভারতীয় মুদ্রার দাম ৮৬ টাকার উপরে উঠল। গত দুই সেশনে ডলারের তুলনায় টাকার দাম ১.০২ টাকা কমেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, চিনা মুদ্রার দুর্বলতাও ভারতীয় টাকার উপর প্রভাব ফেলেছে।

ট্রাম্পের ট্যারিফ ইতিমধ্যেই আন্তর্জাতিক বাণিজ্য মহলে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্পের আরোপিত শুল্কের পাল্টা হিসেবে চিনও আমেরিকান পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক ধার্য করেছিল। এরপর ট্রাম্প চিনা পণ্যের উপর আরও ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে চিনও লড়াইয়ের বার্তা দিয়েছে।

সোমবার ভারতীয় শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে। এর পাশাপাশি বিশ্ব বাণিজ্যে শুল্ক বৃদ্ধির আশঙ্কাও প্রবল হয়েছে। এই সমস্ত কারণ একত্রিত হয়ে টাকার দামে পতন ঘটিয়েছে। বাজারের এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মনিটারি পলিসির দিকে তাকিয়ে ছিলেন। যদিও মঙ্গলবার RBI রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে, তবে তার প্রভাব কতটা স্থিতিশীলতা আনতে পারে, সেদিকে নজর থাকবে সকলের। শুল্ক নিয়ে এই অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও কমে চার বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।