বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা: আপডেট আবহাওয়া দপ্তরের

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। এর জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকেই দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। গোটা সপ্তাহ জুড়েই রাজ্য ভিজতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এই সুস্পষ্ট নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এরপর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পূর্ব দিকে যাবে। এই কারণে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এবং কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব বেশি না কমলেও, দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং রবিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে খবর। আগামী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।