‘একজনকেও ছাড়ব না’, ওয়াকফ আইন নিয়ে ধুন্ধুমার! জম্মু-কাশ্মীর বিধানসভা তিন ঘন্টার জন্য মুলতবি

জম্মু ও কাশ্মীর বিধানসভায় বুধবার তুমুল হট্টগোল দেখা গেল। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আলোচনার দাবিতে পিডিপি বিধায়ক এবং আপ বিধায়ক মেহরাজ মালিকের মধ্যে তীব্র বাদানুবাদ ও হাতাহাতির জেরে বিধানসভার অধিবেশন তিন ঘণ্টার জন্য মুলতবি করে দিতে বাধ্য হন স্পিকার। এই ঘটনায় সংসদে টানা তৃতীয় দিনের মতো উত্তেজনা বজায় রইল।
জানা গেছে, জম্মু ও কাশ্মীর বিধানসভায় আম আদমি পার্টির বিধায়ক মেহরাজ মালিকের একটি কথিত অভিযোগকে কেন্দ্র করে পিডিপি বিধায়ক ওয়াহিদ পাড়ার সঙ্গে তার তীব্র তর্ক শুরু হয়। তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতির রূপ নেয়, যার ফলে বিধানসভায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, স্পিকার বাধ্য হয়ে অধিবেশন তিন ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করেন। এই অপ্রত্যাশিত ঘটনায় বিধানসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় এবং সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে বিতর্ক চলছে। এই আইনের কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। বিধানসভায় এই বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিলেন পিডিপি ও আপ বিধায়করা। কিন্তু বুধবারের ঘটনা সেই দাবিকে কেন্দ্র করে চরম আকার ধারণ করল।
#WATCH | Jammu: AAP MLA Mehraaj Malik gets into a heated argument with PDP MLA Waheed Para inside the J&K legislative assembly. pic.twitter.com/O5AX1MO7ff
— ANI (@ANI) April 9, 2025
বিধানসভার অধিবেশন স্থগিত হওয়ার পর উভয় দলের বিধায়করা একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়তে থাকেন। এই ঘটনায় জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়াকফ আইন নিয়ে বিতর্ক এবং বিধানসভার এই অচলাবস্থা আগামী দিনে কী মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।