মুখ্যমন্ত্রীর অনুরোধেও স্কুলমুখী হতে নারাজ চাকরিহারা শিক্ষকরা…’বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি !

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ উপেক্ষা করে স্কুলমুখী হতে নারাজ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শহিদ মিনার চত্বরে খোলা আকাশের নিচে আরও একটি রাত কাটালেন তাঁরা। নিজেদের দাবিতে অনড় থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, সম্প্রতি নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর ডাকা সভায় একরাশ আশা নিয়ে উপস্থিত হয়েছিলেন চাকরি হারানো শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। তবে যোগ্য ও অযোগ্যদের নিয়ে রাজ্য সরকারের অবস্থান এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট কোনো দিশা না পাওয়ায় তাঁরা হতাশ হয়েছেন বলে জানিয়েছেন।
আন্দোলনকারী এক চাকরিহারা শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নির্দিষ্ট কিছু দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। কিন্তু তাঁর বক্তব্যে আমরা কোনো সুস্পষ্ট পথের সন্ধান পাইনি। মুখ্যমন্ত্রী প্রথমে যোগ্যদের বাঁচানোর কথা বললেও, সেই প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানাননি। পদ্ধতি আমাদের কাছে আজও ধোঁয়াশা। বারবার তিনি যোগ্যদের বাঁচানো ও তাঁদের চাকরি ফেরতের আশ্বাস দিলেও, পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায় বিপক্ষে গেলে দুই-তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ‘পুষিয়ে দেওয়া’র এই মন্তব্যের অর্থ আমাদের কাছে বোধগম্য নয়। আমরা এখানে ক্ষতিপূরণ নেওয়ার জন্য আসিনি। আমরা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী, আমাদের ন্যায্য অধিকার চাই। মুখ্যমন্ত্রী যোগ্যদের কথা আগে এবং অযোগ্যদের কথা পরে ভাবার যে মন্তব্য করেছেন, তা একজন মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না। যে দুর্নীতির কথা আজ রাজ্য থেকে বিশ্ব জানে, সেখানে তিনি কীভাবে অযোগ্যদের পক্ষ নিতে পারেন? তাঁর অবস্থান স্পষ্ট হওয়া উচিত যে তিনি যোগ্যদের সঙ্গেই আছেন। অযোগ্যদের নিয়ে ভাবা মানে কি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া? রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ ও শিক্ষা দফতরের দুর্নীতির কারণেই আজ আমাদের এই পরিণতি। দুর্নীতিতে জড়িত অনেকেই জেলে যাওয়া সত্ত্বেও জামিন পেয়ে যাচ্ছেন, অথচ ভুগতে হচ্ছে আমাদের মতো চাকরিহারাদের।”
তিনি আরও বলেন, “আমাদের দুটি-তিনটি স্পষ্ট দাবি রয়েছে এবং এগুলো মানতেই হবে। আমরা এবার চরমপন্থী আন্দোলনের দিকে যেতে বাধ্য হচ্ছি। স্কুলে তো আমরা যাবই না। প্রথমত, ‘মিরর ইমেজ’ কোথায় লুকানো আছে, তা খুঁজে বের করে প্রকাশ করতে হবে। সেটাই আমাদের বাঁচাতে পারে। দ্বিতীয়ত, এসএসসিকে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদাভাবে প্রত্যয়িত করতে হবে। এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব নয়, এসএসসির দায়িত্ব। সেই তালিকা তৈরি করে ওয়েবসাইটে ও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। তৃতীয়ত, আমরা আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করব না। এটা আমাদের জন্য চরম অসম্মানজনক। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করাও আমাদের কাছে অপমানজনক। আমরা কোনোভাবেই এগুলো মেনে নেব না। আমরা যে কোনো মূল্যে আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।”
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের এই অনড় মনোভাব এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি রাজ্য সরকারের জন্য নতুন করে উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।