বিজয়ের সঙ্গেই সমুদ্র সৈকতে রাশমিকা, সম্পর্কে তবে কী সিলমোহর?

টলিউড ও বলিউডের অন্যতম চর্চিত জুটি রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে জল্পনা দীর্ঘদিনের। অবশেষে সেই জল্পনায় যেন সিলমোহর দিলেন তারকা জুটি নিজেরাই। সম্প্রতি মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘সিকান্দার’।

আর তার পরেই নিজের জন্মদিন পালন করতে ওমান উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। প্রথম থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, কার সঙ্গে এই বিশেষ দিনটি ভিনদেশে উদযাপন করছেন রাশমিকা? সেই প্রশ্নের উত্তর যেন নিজেই দিয়ে দিলেন বিজয় দেবেরাকোন্ডা।

ওমানে ছুটি কাটানোর সময় সমুদ্র সৈকত থেকে একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন রাশমিকা। ছবিতে কালো রঙের ট্যাংক টপে দেখা যাচ্ছে তাঁকে। মেকআপ ছাড়াই সমুদ্রের আলো এসে পড়েছে তাঁর মুখে, যা দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

তবে কার সঙ্গে এই মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন রাশমিকা? সেই প্রশ্নের উত্তর মিলল বিজয় দেবেরাকোন্ডার শেয়ার করা ছবিতে। চর্চিত প্রেমিকের সঙ্গেই যে তিনি জন্মদিন উদযাপন করছেন, তা স্পষ্ট হল বিজয়ের পোস্ট দেখে।

বিজয় দেবেরাকোন্ডাও একই সমুদ্র সৈকত থেকে কিছু ছবি পোস্ট করেছেন। অভিনেতার পরনে ছিল সাদা রঙের ঢিলেঢালা শার্ট ও প্যান্ট। মুখ ভর্তি দাড়ি এবং ছোট করে ছাঁটা চুলে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন বিজয়।

এই ছবিগুলি প্রকাশ্যে আসার পরই স্পষ্ট হয়ে যায়, রাশমিকা তাঁর জীবনের এই বিশেষ দিনটি চর্চিত প্রেমিক বিজয়ের সঙ্গেই ভাগ করে নিয়েছেন। শুধু তাই নয়, অনুরাগীদের তীক্ষ্ণ নজরে রাশমিকা ও বিজয়ের ছবির বেশ কিছু খুঁটিনাটিও ধরা পড়েছে, যা তাঁদের একসঙ্গে থাকার জল্পনাকে আরও জোরালো করেছে। এখন ভক্তদের একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই জনপ্রিয় জুটি?

কাজের ফ্রন্টে, রাশমিকা এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন। ‘পুষ্পা ২’, ‘ছাওয়া’, ‘সিকান্দার’-এর মতো একের পর এক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। আগামী দিনেও ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘থামা’, ‘কুবেরা’র মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি রয়েছে তাঁর হাতে।

অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডার আগামী ছবি ‘কিংডম’ মুক্তি পেতে চলেছে আগামী ৩০ মে। এছাড়াও, শোনা যাচ্ছে ‘পুষ্পা থ্রি’ সিনেমাতেও দেখা যেতে পারে তাঁকে। তবে ব্যক্তিগত জীবনে তাঁদের এই রসায়ন কবে পরিণতি পায়, সেদিকেই এখন তাকিয়ে সকলে।