ফের ক্যানসারে আক্রান্ত স্ত্রী তাহিরা, কান্নাভেজা চোখ স্বামী আয়ুষ্মানের

ফের মারণরোগ ক্যানসারের থাবা বসাল অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তথা লেখিকা-পরিচালক তাহিরা কাশ্যপের শরীরে। এর আগে ২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর সেই রোগ মুক্তি ঘটেছিল। তবে আবারও সেই একই রোগের সম্মুখীন হলেন তিনি।

সোমবার (৭ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তাহিরা নিজেই এই দুঃসংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সাত বছরের নিয়মিত স্ক্রিনিংয়ের পর আমি পরবর্তীতে বুঝতে পারি নিয়মিত ম্যামোগ্রাম করানোর প্রয়োজন। আমি সকলকে এই একই পরামর্শ দিতে চাই। আমার জন্য দ্বিতীয় রাউন্ড, এখনও আমার মধ্যে আছে।’

জীবনযুদ্ধের প্রতি নিজের ইতিবাচক মনোভাব ব্যক্ত করে তাহিরা আরও লেখেন, ‘যখন জীবন তোমাকে লেবু দেবে, তখন লেবুর সরবত তৈরি করো। আসলে জীবন যখন উদার হয়ে তোমার দিকে কিছু ছুঁড়ে দেয় তখন তাড়াহুড়ো না করে, শান্ত ভাবে সেই লেবুর রস তোমার প্রিয় কালা খাট্টা সরবতে দাও। তারপর খুশি হয়ে তাতে চুমুক দাও। কারণ প্রথমবার যদি তুমি ভালো ভাবে কিছু গ্রহণ করতে পারো, তবে দ্বিতীয়বার তুমি জানো যে তুমি আবারও তোমার সেরাটা দিতে পারবে।’

পোস্টের শেষে বেশ কিছু সচেতনতামূলক হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তাহিরা। তিনি লিখেছেন, ‘#নিয়মিত স্ক্রিনিং #ম্যামোগ্রাম #স্তনক্যান্সার #একবারেরও। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।’

স্ত্রীর এই কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে পাশে থাকার বার্তা দিয়েছেন আয়ুষ্মান খুরানা। তাহিরার পোস্টে তিনি মন্তব্য করেছেন, ‘আমার হিরো’। সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি এবং একটি অশ্রুসজল ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেতা।

তাহিরার এই কঠিন লড়াইয়ে শুধু স্বামী আয়ুষ্মান নন, গোটা বলিউড তাঁর পাশে এসে দাঁড়িয়েছে। প্রযোজক গুণীত মোঙ্গা কমেন্ট বক্সে লিখেছেন, ‘ভালোবাসি তোমাকে। এই সময়টাও পেরিয়ে যাবে। লড়াই জিতে ফিরে আসবে তুমি।’

এক সময়ের ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হওয়া অভিনেত্রী সোনালি বেন্দ্রেও তাহিরাকে তাঁর ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কিছু বলার নেই। অনেক ভালোবাসা পাঠালাম। আমার প্রার্থনা রইল তোমার জন্য’।

তাহিরার এই পোস্টে বহু অনুরাগী এবং শুভানুধ্যায়ীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাঁকে সাহস জুগিয়েছেন। সকলেই তাঁর লড়াইয়ের মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন এবং বিশ্বাস রেখেছেন যে তাহিরা আবারও এই কঠিন যুদ্ধে জয়ী হবেন।