ধোনির মস্তিষ্ক ভেদ করা কঠিন, ২-৩ শতাংশ আন্দাজ করতে পারি: চাহাল

“ইধার ডাল”, “সিধা ডাল”, “অফ স্ট্যাপ পে রাখনা”। স্ট্যাম্প মাইকে ভেসে আসা মহেন্দ্র সিং ধোনির এই নির্দেশগুলি ক্রিকেটপ্রেমীদের কাছে এখন পরিচিত শব্দবন্ধ। শুধু কৌশলগত পরামর্শ নয়, প্রয়োজন পড়লে বোলারদের মৃদু ধমকও দিয়েছেন মাহি, যার সাক্ষী থেকেছেন যুজবেন্দ্র চাহাল।

একসময় জাতীয় দলের জার্সিতে ধোনির সতীর্থ হলেও, আইপিএলের মঞ্চে চাহাল বহুবার মহেন্দ্র সিং ধোনির প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছেন। বর্তমানে পাঞ্জাব কিংসের এই স্পিনার আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী। আগামীকাল ফের চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন তিনি। উইকেটের পেছনে ধোনি দস্তানা হাতে প্রস্তুত থাকলেও, বাইশ গজে বিপরীত মেরুতে ব্যাট হাতে দেখা যাবে কিংবদন্তি এই ক্রিকেটারকে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাহাল অকপটে প্রশংসা করলেন ধোনির ক্রিকেটীয় মস্তিষ্কের। তিনি জানালেন, বোলার হিসেবে ধোনির মনের গভীরে কী চলছে, তা বোঝা বেশ কঠিন। তিনি নিজে মাত্র ২ থেকে ৩ শতাংশ আন্দাজ করতে পেরেছেন। চাহালের কথায়, “মাহি ভাই আমায় বহু বছর ধরে বল করতে দেখছেন। উনি জানেন, আমি কোথায় কীভাবে ডেলিভারি করব। কিন্তু আমি নিজে ধোনি কী চিন্তা করছেন, তার মাত্র ২ থেকে ৩ শতাংশই বুঝতে পারি। তবে উনি কোন পরিস্থিতিতে কীভাবে খেলবেন, তার একটা আন্দাজ রয়েছে। ১ থেকে ১০ ওভারের মধ্যে ধোনি ব্যাট করতে এলেন মানে আক্রমণাত্মক খেলবেন। পরে নামার অর্থ এর চাইতে আলাদা। সেই বুঝে আমরা পরিকল্পনা নিই। ধোনিকে কখনওই সহজ বল দেওয়া যায় না। তাহলে ছক্কা নিশ্চিত।”

উল্লেখ্য, যুজবেন্দ্র চাহাল আইপিএলে ১৬৩টি ম্যাচ খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মতো দলের হয়ে খেলার পর বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের গুরুত্বপূর্ণ সদস্য। আগামীকাল ধোনির বিরুদ্ধে তাঁর স্পিন কতটা কার্যকরী হয়, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।