২৬ হাজার চাকরির জন্য দায়ী মমতা, যোগ্য বলে যে ৭ হাজার কার্ড, তার মানে ১৯ হাজার অযোগ্য? বড় প্রশ্ন শুভেন্দুর

নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পর সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ছাব্বিশ হাজার চাকরির জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।” মুখ্যমন্ত্রীর ‘যোগ্য’ বলে ৭ হাজার জনকে নিয়োগপত্র দেওয়া নিয়েও বড়সড় প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, “যোগ্য বলে যে ৭ হাজার কার্ড দিল, তার মানে কি বাকি ১৯ হাজার অযোগ্য?”

এদিন বিরোধী দলনেতা আরও আক্রমণাত্মক হয়ে বলেন, “আপনি ও আপনার ভাইপো, যে চাকরিগুলি বিক্রি করেছেন, পার্থ এবং সুজয়কৃষ্ণের মাধ্যমে, তাঁদের বাঁচাতে ১৯ হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীকে হাতে ধরে কোতল করলেন আপনি। এটা ক্ষমার অযোগ্য।” চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী আগামী ২১ এপ্রিল তাঁদের নবান্ন অভিযানে থাকার কথাও ঘোষণা করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি থাকব। আমার অনুগামীরা রয়েছে। আমি ১ লাখ লোক নিয়ে যাব। তবে কোনও দলীয় পতাকা ছাড়া যাব।”

মুখ্যমন্ত্রীর দেওয়া ‘যোগ্য’র কার্ড নিয়েও এদিন চাকরিহারাদের সরাসরি প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই যোগ্য বলে যে ৭ হাজার কার্ড দিল, সেটা ওরা জানল কীকরে? তার মানে কি বাকি ১৯ হাজার অযোগ্য?” ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আপনি (মুখ্যমন্ত্রী) প্রথমদিন বললেন ২৬ হাজারের কথা শুনবেন। এই ৭ হাজার যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কীকরে? অভিজিৎ বাবু যাদেরকে অযোগ্য বলেছেন সেই সংখ্যাটা তো ৬ হাজার। কিন্তু ভিতরে ঢুকিয়েছে ৭ হাজার। বাকিদেরকে অযোগ্য বলছে! এবং আরও আপত্তিকর এটাই, কার্ডে লেখা যোগ্য। তার মানে যারা কার্ড পাননি, তাঁরা আজকে বাড়িতে ফিরে যাবে এই ভেবে যে, ‘আমরা অযোগ্য’ – এটা রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে!”

মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পরেও বিরোধী দলনেতার এই কড়া আক্রমণ রাজ্য politics-এ নতুন করে উত্তাপ সৃষ্টি করল। আগামী দিনে এই ইস্যুতে আরও কী কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।