তৃণমূলের বড় মিছিল বুধবার, চাকরি বাতিলের প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচি

চাকরি বাতিলের প্রতিবাদে বড় কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী বুধবার (৯ এপ্রিল) রাজ্যজুড়ে জেলা, ব্লক, টাউন ও ওয়ার্ড স্তরে মিছিল বের করবে দলটি। এদিন কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বেলা ৩টা থেকে এই মিছিল শুরু হবে। রাজ্যের শাসকদলের অভিযোগ, বিজেপি ও সিপিএম-এর ষড়যন্ত্রের ফলেই ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এই ইস্যুকে সামনে রেখেই তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ও তৃণমূল যুব কংগ্রেস মাঠে নামছে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “সিপিএম ও বিজেপির চক্রান্তের কারণে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি গেছে। এই অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে আমরা মিছিল করব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বিধানসভা নির্বাচনের মুখে চাকরি বাতিল ইস্যু তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ। বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। এর জবাব দিতেই মাঠে নামছে তৃণমূলের ছাত্র ও যুব শাখা।
উল্লেখ্য, এর আগেও আরজি কর কাণ্ডের সময় তৃণমূলের মহিলা নেতৃত্ব মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছিল। এবারও বিরোধীদের চাপ সামলাতে শক্ত অবস্থান নিচ্ছে শাসকদল।