‘‘আমি বেঁচে থাকতে যোগ্য প্রার্থীদের চাকরি কাড়তে দেব না”, চাকরিহারাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেন মমতা !

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আরও একবার চাকরিহারাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায় শোনার পর আমার হৃদয় পাথর হয়ে গিয়েছে। আমি লাল, নীল, গেরুয়া কোনও রঙ দেখব না। আমাকে জেলে ভরলে ভরুক, আমি যোগ্য ব্যক্তির চাকরি যাতে না যায়, শুধু সেটাই চাই।’’
মুখ্যমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, ‘‘আমি বেঁচে থাকতে যোগ্য প্রার্থীদের চাকরি কাড়তে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে।’’
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং তাঁদের আইনি লড়াইয়ে রাজ্য সরকারের সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দেন। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তিনি নিজের উদ্বেগের কথা জানান এবং যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে তাঁর সংকল্পের কথা স্পষ্ট করে দেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য চাকরিহারাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। তিনি যেভাবে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন এবং শিক্ষাব্যবস্থা রক্ষার জন্য নিজের অবস্থানের কথা জানালেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সকলের নজর থাকবে।