ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিশ্ব বাজারে ধস, নিজের পদক্ষেপকে ‘কড়া ওষুধ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক ঘোষণার জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড়সড় পতন দেখা যাচ্ছে। গত সপ্তাহে বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের সিদ্ধান্তের পরই এই অস্থিরতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার ট্রাম্প তাঁর পদক্ষেপের সাফাই দিয়ে বলেছেন, ‘কখনও কখনও কিছু জিনিস ঠিক করতে ওষুধের প্রয়োজন হয়।’
বাজারে ধসের আবহে ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি চাই না, কোনও বাজারে ধস নামুক। কিন্তু কখনও কখনও কিছু ঠিক করতে ওষুধ নিতে হয়।’ শেয়ার বাজারের এই টালমাটাল অবস্থার দায় নিতে চাননি তিনি। ট্রাম্পের স্পষ্ট কথা, ‘শেয়ার বাজারে কী হচ্ছে, তা আমি বলতে পারব না। তবে আমাদের দেশ অনেক শক্তিশালী।’
পাশাপাশি, ফের একবার পূর্বতন জো বাইডেন প্রশাসনকে আক্রমণ শানিয়েছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ‘অন্যান্য দেশ আমেরিকার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কারণ আমাদের নেতৃত্ব মূর্খ ছিলেন। সেই কারণেই এমনটা হয়েছে।’
এদিকে, ট্রাম্প নিজেই জানিয়েছেন যে তিনি তাঁর ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রত্যেক দেশই শুল্ক নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চায়…।’ ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে আলোচনা ইতিবাচক ফল দেবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারত সহ বেশ কয়েকটি দেশের পণ্যের উপর উল্লেখযোগ্য পরিমাণে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের পণ্যের উপর ২৭ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এই শুল্ক আরোপের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত বন্ধুত্বের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তবে একইসঙ্গে তাঁর কণ্ঠে শোনা যায় অভিযোগের সুর।
ট্রাম্প বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আমেরিকায় এসেছিলেন। তিনি আমার খুব ভালো বন্ধু। কিন্তু, এই সফরে আমি প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলাম, আপনারা আমাদের সঙ্গে ঠিকমতো আচরণ করছেন না। ভারত সর্বদা আমেরিকা থেকে ৫২ শতাংশ শুল্ক নেয়। তাই আমরা তাদের অর্ধেক, অর্থাৎ ২৭ শতাংশ শুল্ক আরোপ করব।’
ট্রাম্পের এই মন্তব্য এবং শুল্ক ঘোষণার পর আন্তর্জাতিক বাণিজ্য মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ এর কী প্রতিক্রিয়া দেখায় এবং শেয়ার বাজারের এই অস্থিরতা কতদিন স্থায়ী হয়, সেদিকেই এখন নজর সকলের।