বয়সের পার্থক্য ২৫ বছরের, সংসার ভেঙে গেলো টলিউডের তারকা দম্পতির

টলিউডের পরিচিত মুখ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীর বিবাহবিচ্ছেদ হল। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে পৃথা নিজেই এই খবর জানিয়েছেন।
ফেসবুকে অভিনেত্রী পৃথা চক্রবর্তী লেখেন, ‘আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ পথে হাঁটলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।’
এই জুটি ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন। সুদীপ এবং পৃথার মধ্যে বয়সের পার্থক্য ছিল প্রায় ২৫ বছর। তবে সেই ব্যবধান তাঁদের সম্পর্কের পথে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। শোনা যায়, পৃথা নাকি প্রথম সুদীপকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। নৃত্যশিল্পী পৃথার সঙ্গে একটি অনুষ্ঠানে আলাপ হয় সুদীপের। সেখান থেকেই তাঁদের নতুন পথ চলা শুরু।
পৃথা চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে সুদীপ মুখোপাধ্যায় দামিনী বসুর সঙ্গে বিবাহিত ছিলেন। সেই সংসারে তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০১৩ সালে সুদীপ ও দামিনীর দাম্পত্য সম্পর্কে ইতি ঘটে। এরপর ২০১৫ সালে নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তীকে বিয়ে করেন সুদীপ। তাঁদের সংসারে আরও এক সন্তানের জন্ম হয়। দুই সন্তানকে নিয়ে সুখেই সংসার করছিলেন এই তারকা দম্পতি।
তবে বিয়ের দশ বছর পূর্ণ হওয়ার আগেই তাঁদের সম্পর্কে ভাঙন ধরল। আলাদা হয়ে গেলেন সুদীপ ও পৃথা। তবে তাঁদের বিবাহবিচ্ছেদের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট করেননি কেউই।