“বাচ্চার বয়স ১০ হলে, তোর হবে ৭০ বছর”—দেবকে খোঁচা বাবা-মায়ের

টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দেব ৪২ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ সময় ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে তাঁর সম্পর্ক সর্বজনবিদিত। রুক্মিণীর সিনেমায় হাতেখড়িও হয়েছে দেবের হাত ধরেই।

তবে তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল দীর্ঘদিনের। বহুবার বিয়ের প্রসঙ্গ উঠলেও এই জুটি তা কৌশলে এড়িয়ে গিয়েছেন। কবে তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর মেলেনি। যদিও ভক্তদের কাছ থেকে এড়িয়ে গেলেও, দেবকে নাকি বাড়িতে বিয়ের জন্য নিয়মিত চাপ দেওয়া হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। দেব জানান, “প্রতিদিন আমাকে বাসায় শুনতে হয় ‘বিয়ে কর বিয়ে কর। কবে বাচ্চা হবে! তুই বুড়ো হয়ে যাবি। তোর বাচ্চার যখন ১০ বছর হবে, তোর বয়স তখন ৭০ হবে।’ এগুলো প্রতিদিন আমাকে শুনতে হয়। এখন তো আমার বাবা-মাও হাল ছেড়ে দিয়েছেন।”

দেবের এই মন্তব্যের সূত্র ধরে সঞ্চালক প্রশ্ন করেন, “তাহলে এখন বিয়ের প্ল্যান নেই?” জবাবে অভিনেতা বলেন, “আপাতত তো নেই। তবে হ্যাঁ একদিন তো করতেই হবে।”

সঞ্চালক এরপর দেবের সঙ্গে তাঁর দাদার তুলনা টেনে বলেন, “আমার দাদা এই কারণে বিয়েই করল না। সে বলে, আমি যদি ৪০-এ বিয়ে করি, ২ বছর পর বাচ্চা হবে। আমি যখন রিটায়ার করব, তখন আমার বাচ্চার বয়স হবে মাত্র ১৮।”

শুধু দেব নন, রুক্মিণী মৈত্রও বিয়ের প্রসঙ্গে একইরকম মনোভাব পোষণ করেন। এর আগে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ্যাম রেডি টু গেট ম্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ্য।”

অর্থাৎ, দেব এবং রুক্মিণী দুজনেই আপাতত তাঁদের কর্মজীবন নিয়েই বেশি মনোযোগী এবং বিয়ের পরিকল্পনা এখনই নেই বলেই মনে হচ্ছে। তবে ভবিষ্যতে এই জনপ্রিয় জুটি কবে বিবাহবন্ধনে আবদ্ধ হন, সেদিকে নজর থাকবে ভক্তদের।