“নারীই যদি নারীকে সম্মান না করেন!”-কটাক্ষের কড়া জবাব শ্রীময়ীর, সাইবার সেলে যাওয়ার হুঁশিয়ারি

অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাংশের নেটিজেনের লাগাতার কটাক্ষের শিকার হচ্ছেন এই তারকা দম্পতি। যদিও শ্রীময়ী সাধারণত এই ধরনের ট্রোল বা মন্তব্যকে বিশেষ পাত্তা দেন না। তবে সম্প্রতি কিছু কুরুচিকর মন্তব্য সীমা অতিক্রম করায় মুখ খুললেন কাঞ্চন-পত্নী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি সমালোচকদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং এই বিষয়ে সাইবার সেলের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন।
সম্প্রতি কাঞ্চন ও শ্রীময়ীকে একটি পুরাতন ছবির প্রিমিয়ারে দেখা যায়। সেখানে প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের সঙ্গে ছবি তোলেন শ্রীময়ী। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করার পরেই ফের নেটিজেনদের একাংশ শ্রীময়ীকে উদ্দেশ্য করে কুমন্তব্য করতে শুরু করেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শ্রীময়ী।
ভিডিও বার্তায় এক নির্দিষ্ট নেটিজেনের নাম উল্লেখ করে শ্রীময়ী বলেন, “আপনি যদি এতই রুচিশীল হন তাহলে এত রুচিবোধ নিয়ে, রুচিশীল হয়েও হঠাৎ আমার প্রোফাইলে ঢুকে আমার ছবিগুলো দেখছেন আবার মন্তব্যও করছেন! আমি বুঝতে পারলাম না। আমার তো মনে হচ্ছে আপনি যমেরও অরুচি।” তিনি আরও বলেন, “কারও যদি মনে হয় তিনি পোশাক পরবেন না, নগ্ন হয়ে হাঁটবেন তা হলে সেটাই করবেন। আপনার ভাল না লাগলে নগ্ন হয়ে হাঁটুন! কে নিষেধ করেছে?” শ্রীময়ী বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করেন মহিলা নেটিজেনদের একাংশের অহেতুক মন্তব্য নিয়ে। তাঁর মতে, “নারীই যদি নারীকে সম্মান না করেন, তা হলে বাকিরা তো এই ধরনের আচরণ করতে আরও সাহস পাবে।”
View this post on Instagram
শুধু পোশাক নিয়ে নয়, কাঞ্চন মল্লিকের পুত্রকেও টেনে আনা হয় শ্রীময়ীকে কটাক্ষ করার জন্য। এই ধরনের মন্তব্য দেখে কার্যত রাগে ফেটে পড়েন অভিনেত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আপনি কি জানেন কে কার থেকে কাকে ছাড়িয়ে এনেছেন? আপনি বোধহয় বিয়ে করে ভাল করে সুখে নেই! আপনি নিজের চরকায় তেল দিন।”
এরপরই শ্রীময়ী জানান, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অশালীন ও কুরুচিকর মন্তব্য বন্ধ করার জন্য তিনি সাইবার সেলের সাহায্য নেবেন। এর আগেও বহুবার ট্রোল ও কটাক্ষের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে শ্রীময়ীকে। তবে সাম্প্রতিক মন্তব্যগুলি মাত্রা ছাড়ানোয় তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন।