শ্রীলঙ্কায় পা রাখতেই মোদিকে ‘অনন্য সম্মান’, এই সম্মান পাননি আগে কোনও রাষ্ট্রনেতা!

থাইল্যান্ড সফর শেষ করে এবার শ্রীলঙ্কায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলম্বোর ঐতিহাসিক ইনডিপেন্ডেন্স স্কোয়ারে তাঁকে দেওয়া হল গান স্যালুটে স্বাগত—এই প্রথম কোনও রাষ্ট্রনেতাকে এত বড় আড়ম্বরে অভিনন্দন জানাল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার মাটিতে পা রাখতেই তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির হন সে দেশের প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। দুই রাষ্ট্রনেতার মধ্যে আজ হবে উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে আলোচনায় থাকবে ভবিষ্যতের রণনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়।
সূত্রের খবর অনুযায়ী, মোদী-দিশানায়েক বৈঠকে দশটি চুক্তি স্বাক্ষর হতে পারে। এর মধ্যে রয়েছে:
প্রতিরক্ষা খাতে সহযোগিতা
শক্তি ও জ্বালানি ক্ষেত্রে যৌথ প্রকল্প
আর্থিক পুনরুদ্ধারে ভারতের সহায়তা সংক্রান্ত নথি
মুদ্রা বিনিময় নিয়ে সমঝোতা
Glimpses from the ceremonial welcome in Colombo this morning.@anuradisanayake pic.twitter.com/88k2T1NN20
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে যদি যৌথ চুক্তি হয়, তবে তা হবে ভারত-শ্রীলঙ্কা সম্পর্কের এক নতুন অধ্যায়। কারণ, অতীতে ভারতের পিস কিপিং ফোর্স (IPKF) প্রত্যাহার নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল।
আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, পাশে ভারত
প্রসঙ্গত, মোদী এমন এক সময় শ্রীলঙ্কা সফরে গিয়েছেন, যখন দেশটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে সাম্প্রতিক আর্থিক বিপর্যয়ের পর। মাত্র তিন বছর আগে কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেই সময় ভারত ৪.৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছিল, যার ফলে কিছুটা স্থিতি ফিরে আসে কলম্বোর অর্থনীতিতে।
আজকের বৈঠকের পর প্রকাশ হতে পারে দুটি গুরুত্বপূর্ণ নথি—
ঋণমুক্তিতে ভারতের ভূমিকা
মুদ্রা আদান-প্রদানের প্রক্রিয়া ও সম্ভাবনা
এই সফর ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছে কূটনৈতিক মহল। একই সঙ্গে মোদীর এই সফর দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ধরে রাখার কৌশলগত পদক্ষেপ বলেও মনে করছেন বিশ্লেষকরা।