রামনবমীতে রাজ্যজুড়ে করা নজরদারি, বাতিল পুলিশ কর্মীর ছুটি! বিশেষ নজর হাওড়াতে

আগামীকাল রবিবার রাজ্যে পালিত হবে রামনবমী। এই উৎসবকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্যজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। রামনবমী উপলক্ষে রাজ্য পুলিশের সকল কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জেলার সমতল এলাকা, উত্তর দিনাজপুরের ইসলামপুর, কোচবিহার এবং মালদাতেও বড়সড় আকারে রামনবমী উদযাপন হয়ে থাকে। এই উৎসব চলাকালীন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও পুলিশ মোতায়েন করা হচ্ছে।

এছাড়াও, উৎসবের সময় ড্রোনের সাহায্যে আকাশপথে বিশেষ নজরদারি চালানো হবে। সমস্ত বড় বড় বহুতলের উপর থেকেও পুলিশ পুরো রামনবমীর মিছিলের উপর নজর রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা সহ গোটা বাংলাজুড়ে নিরাপত্তার কোনো ফাঁক রাখতে চাইছে না রাজ্য পুলিশ প্রশাসন।

উৎসবের মরশুমে যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, তার জন্য সামাজিক মাধ্যমগুলির উপরও কড়া নজরদারি রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে নাকা চেকিং-এর পাশাপাশি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই ব্যাপক পুলিশি নজরদারি চলছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় তৈরি করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব জানিয়েছেন, “রামনবমী ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।”

গত বছর কলকাতায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০টি রামনবমীর মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এই বছরও সেই সংখ্যা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখেই রবিবার কলকাতায় সাড়ে তিন থেকে চার হাজার পুলিশকর্মীকে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে একাধিক উচ্চপদস্থ আধিকারিককেও রাস্তায় নামানো হচ্ছে। ইতিমধ্যেই সকল স্তরের পুলিশকর্মীদের তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

রামনবমী উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি উত্তরপাড়া শহরে রাম নবমীর মিছিলের রুট পরিদর্শন করেছেন। মাখলা সেবা সদন থেকে হিন্দমোটর দেশবন্ধু পার্ক পর্যন্ত পুরো রুট ঘুরে দেখেন তিনি। এই সময় তাঁর সঙ্গে ছিলেন ডি সি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এ সি পি আলী রেজা, আই সি উত্তরপাড়া এবং আই সি ডানকুনি। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রামনবমী মিছিলের আয়োজক কমিটির সদস্যরা। অন্যদিকে, হাওড়াতেও রামনবমীর নিরাপত্তা নিয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। সেখানেও ব্যাপক পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।