কর্ণাটকে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনি বাসের ধাক্কা’, বলি পাঁচ !

শনিবার ভোররাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কর্ণাটকের কালাবুর্গি জেলার নেলোগি ক্রসের কাছে। দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী মিনি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে ৩টে নাগাদ। খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকার্য শুরু করে। নিহতরা সকলেই বাগালকোট জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালাবুর্গির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, যাত্রী বোঝাই মিনি বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় মিনি বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা করছে পুলিশ।
এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে। আহতদের চিকিৎসা চলছে এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।