“টাচ করবে না, আমি অন্য কারও সম্পত্তি”- ফুলশয্যার রাতেই স্বামীকে আত্মহত্যার হুমকি নববধূর

উত্তরপ্রদেশের বরেলি জেলায় ফুলশয্যার রাতেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক নববধূ তার স্বামীকে কাছে ঘেঁষতে বাধা দেন এবং কাছে আসার চেষ্টা করলে বিষ খাওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এই অপ্রত্যাশিত ঘটনায় হতবাক স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী যুবক পুলিশকে জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর ফুলশয্যার রাতে যখন তাদের প্রথম দেখা হয়, তখন স্ত্রী তাকে কাছে আসতে নিষেধ করেন। শুধু তাই নয়, স্ত্রী নাকি তাকে ধমক দিয়ে বলেন, “আমাকে ছোঁওয়ার চেষ্টা করলে আমি বিষ খাব।” এর কারণ জানতে চাইলে স্ত্রী একটি চাঞ্চল্যকর অভিযোগ করেন। তিনি জানান, তিনি অন্য কারও “সম্পত্তি”। অর্থাৎ, পারিবারিক চাপে অনিচ্ছা সত্ত্বেও তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে এবং এখনও অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
স্ত্রীর এই কথা শুনে স্তম্ভিত হয়ে পড়েন স্বামী। এরপর তিনি বড়দরি থানায় গিয়ে তার স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে দেওয়া অভিযোগে যুবক জানান, বিয়ের পর থেকেই তার স্ত্রী তার সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন। বিষয়টি তিনি তার স্ত্রীর পরিবারকে জানালে তারা তাকে হুমকি দিতে শুরু করে। যুবকের অভিযোগ, তার স্ত্রী ও তার পরিবারের সদস্যরা তাকে ক্রমাগত মানসিক নির্যাতন করছেন। কখনও স্ত্রী আত্মহত্যার হুমকি দিচ্ছেন, আবার কখনও তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার ভয় দেখাচ্ছেন।
ভুক্তভোগী যুবক আরও জানান, বিয়ের পর থেকেই তাদের বাড়িতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তার মা হৃদরোগী এবং এই ঘটনায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তিনি একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু তার স্ত্রী ও তার পরিবারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি।
এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ফুলশয্যার রাতেই এমন অপ্রত্যাশিত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।