ChatGPT কয়েক সেকেন্ডে বানিয়ে দিচ্ছে নকল আধার-প্যান কার্ড! সাবধান, ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ

চ্যাটজিপিটির জনপ্রিয়তা এখন তুঙ্গে। অনেকে জিবলির অ্যানিমে স্টাইলে নিজের ছবি বানিয়ে দিচ্ছেন চ্যাটজিপিটি দিয়ে, আবার কেউ কবিতা, গল্প, এমনকি অফিসের রিপোর্ট লেখাতেও ব্যবহার করছেন এই এআই। কিন্তু এই মজার দুনিয়ার আড়ালেই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর বিপদ। কারণ চ্যাটজিপিটির মাধ্যমে এখন কয়েক সেকেন্ডে বানিয়ে ফেলা যাচ্ছে নকল আধার কার্ড ও প্যান কার্ড— যা দেখতে হুবহু আসল!
চ্যাটজিপিটির জিপিটি-৪ ভার্সনে এখন এমন ক্ষমতা এসেছে, যেখানে আপনি শুধু কম্যান্ড দিলেই সে নির্দিষ্ট নাম, ঠিকানা ও ছবি দিয়ে একটি আসলের মতো আধার বা প্যান কার্ড তৈরি করে দিতে পারে। এটি এতটাই নিখুঁত হয় যে সাধারণ চোখে আসল-নকলের তফাত বোঝা প্রায় অসম্ভব।
চ্যাটজিপিটি প্রথম থেকেই গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিল। এখন তার মাধ্যমে যদি কেউ নকল পরিচয়পত্র তৈরি করে, তাহলে তা আইনত অপরাধ— যার ফলে জেল পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তিকে যদি সতর্কভাবে ব্যবহার না করা হয়, তবে ভবিষ্যতে পরিচয় জালিয়াতি ও প্রতারণার মতো অপরাধে ভয়াবহ বৃদ্ধি ঘটতে পারে।
I asked AI to generate an Aadhaar card with just a name, DOB, and address ..and it created a near-perfect replica. So now anybody can make fake replica of Aadhar and Pan card…
We keep talking about data privacy, but who’s selling these Aadhaar and Pancard datasets to AI… pic.twitter.com/0ugSiLuuqy— Piku (@RisingPiku) April 4, 2025
ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে চ্যাটজিপিটি দিয়ে বানানো নকল আধার ও প্যান কার্ডের ছবি। ব্যবহারকারীরা বিস্ময় প্রকাশ করলেও অনেকে বলছেন, “এটা নিছক মজা নয়, নিরাপত্তার দিক থেকে এটা ভয়ানক!”
বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি অভাবনীয় সুবিধা এনে দিতে পারে, তবে এর অপব্যবহার সমাজের ক্ষতি ডেকে আনতে পারে। তাই ব্যবহারকারীদের সাবধানতা অবলম্বন করেই চ্যাটজিপিটির মতো টুল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।