ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনি, তারপরই আফটারশক, জারি সুনামি সতর্কতা

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর এবার প্রবল কম্পনে কেঁপে উঠল আরেকটি দেশ—পাপুয়া নিউগিনি। উপকূলবর্তী নিউ ব্রিটেন আইল্যান্ডে শনিবার ভোরে অনুভূত হয় ৬.৯ মাত্রার তীব্র ভূমিকম্প। এর কিছুক্ষণের মধ্যেই আসে ৫.৩ মাত্রার আফটারশক। ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করেছে ইউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস (USGS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। স্থানীয় সময় অনুযায়ী সকাল ৬টা ৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল কিমবে শহর থেকে প্রায় ১৯৪ কিলোমিটার দূরে।

কম্পনের পর ইউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়, ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ উঠে আসতে পারে উপকূলে। শুধু পাপুয়া নিউগিনিই নয়, সোলোমন আইল্যান্ডেও জারি করা হয়েছে সতর্কতা।

যদিও দেশটির জনসংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও আশঙ্কা করা হচ্ছে, এই ভূমিকম্প প্রবল ধ্বংস ডেকে আনতে পারে। ভূগর্ভস্থ প্লেটের সংঘর্ষজনিত এই ধরণের ভূমিকম্প সেখানে প্রায়শই হয়, কারণ পাপুয়া নিউগিনি অবস্থিত বিশ্বের ভূকম্পন প্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’-এর ওপর।

এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর না মিললেও, স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থাগুলি সতর্ক রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে প্রতি মুহূর্তে।