“তিনি আমাকে নানাভাবে স্পর্শ করতে শুরু করেন”- বিস্ফোরক দাবি অভিনেত্রী অঞ্জলীর

বলিউড অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দ সম্প্রতি তাঁর শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। বাবার আকস্মিক মৃত্যুর পর তাঁর নৃত্যগুরু কীভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন, সেই মর্মান্তিক ঘটনা এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন অঞ্জলি।

মাত্র আট বছর বয়সে বাবাকে হারান অঞ্জলি। সেই কঠিন সময়ে তাঁর নৃত্যগুরু ধীরে ধীরে তাঁর জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করেন। শুধু তাই নয়, অঞ্জলির পরিবারের উপরও নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা চালান তিনি। অঞ্জলি জানান, সেই পরিস্থিতিতে তিনি দিশাহারা হয়ে পড়েছিলেন। আট বছর বয়সে বাবার মৃত্যুর পর নৃত্যগুরু তাঁকে বলতে শুরু করেন, ‘আমিই তোমার বাবা’। অসহায় অঞ্জলি সেই কথা বিশ্বাস করেছিলেন, কারণ তাঁর কাছে অন্য কোনও উপায় ছিল না।

অঞ্জলি ক্রমশ বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তাঁর নৃত্যগুরুই তাঁর অভিভাবক। এর পরেই নৃত্যগুরু নানা অছিলায় তাঁকে স্পর্শ করতে শুরু করেন। অঞ্জলি বলেন, “আমাকে ধীরে ধীরে স্পর্শ করতে শুরু করলেন। একদিন হঠাৎ আমার ঠোঁটে চুম্বন করে বললেন— ‘বাবারা এমনই করেন’।” এরপর দিন দিন অঞ্জলির জীবনের প্রতিটি পদক্ষেপ সেই নৃত্যগুরু নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন। অঞ্জলি সারা দিন কী করছেন, কোথায় যাচ্ছেন, তার সমস্ত খবর রাখতেন তিনি।

এই ভয়ংকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে অঞ্জলিকে দীর্ঘ বছর অপেক্ষা করতে হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, অবশেষে তাঁর প্রথম প্রেমিক তাঁকে সেই নৃত্যগুরুর কবল থেকে বেরোতে সাহায্য করেছিলেন।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনেতা রণবীর সিংয়ের বোনের চরিত্রে অঞ্জলিকে দেখা গিয়েছিল। এছাড়াও তিনি ‘ডব্বা কার্টেল’ ও ‘ঢাই কিলো প্রেম’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন। সম্প্রতি তাঁর এই বিস্ফোরক সাক্ষাৎকারে শৈশবের সেই অন্ধকার সময়ের কথা তুলে ধরায় বলিউড ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।