বাংলাদেশ সীমান্তবর্তী ‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বাড়াল ভারত, টহল দিচ্ছে সেনা

ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর-পূর্বাঞ্চল নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য এবং চীন থেকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানের প্রেক্ষাপটে, স্পর্শকাতর ‘চিকেন নেক’ করিডোরের নিরাপত্তা বাড়িয়েছে ভারত। শুক্রবার (৪ এপ্রিল) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য প্রকাশ করেছে।
ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর এবং সেখানে বিনিয়োগের আহ্বানের পর ভারতের কাছে ‘চিকেন নেক’ করিডোরের নিরাপত্তা একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংকীর্ণ এই ভূখণ্ডটির মূল নাম শিলিগুঁড়ি করিডর। তবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সংযোগ স্থাপনকারী এই এলাকাটি মানচিত্রে মুরগির গলার মতো দেখতে হওয়ায় এটি ‘চিকেন নেক’ বা মুরগির গলা নামেই বেশি পরিচিত। এই চিকেন নেকের সঙ্গে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় ভারত সরকার এটির নিরাপত্তা জোরদার করেছে। এর অংশ হিসেবে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এই চিকেন নেকের মাধ্যমেই ভারতের মূল অংশ থেকে উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যাতায়াত এবং পণ্য পরিবহন করা সম্ভব, যা এই সাতটি রাজ্যের সঙ্গে মূল ভারতের একমাত্র স্থল সংযোগকারী পথ।
ভারতীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ‘চিকেন নেক’ করিডর তাদের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রতিরক্ষা লাইন। সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখানে যেকোনো ধরনের হুমকি মোকাবিলার পর্যাপ্ত সক্ষমতা তাদের রয়েছে। এই করিডরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ত্রিশক্তি কর্পস, যার সদর দপ্তর সুকনায় অবস্থিত। এই কর্পসের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র মজুত রয়েছে, যার মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমান, ব্রাহমোস মিসাইল এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
কয়েক দিন আগে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জানিয়েছিলেন, ‘চিকেন নেক’ ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। যেখানে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্বাঞ্চল থেকে দ্রুত সময়ের মধ্যে সেনা সদস্যদের নিয়ে আসা সম্ভব।
সূত্র: ইন্ডিয়া টুডে