“রামনবমীতে রামের ছবি নিয়ে কীর্তন হবে”-আয়োজনের ডাক TMC বিধায়কের

আগামী ৬ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে হুগলির চুঁচুড়ায় বর্ণাঢ্য মিছিলের ডাক দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি জানান, তাঁদের মিছিলে রাম ও সীতার ছবি থাকবে, ট্যাবলো থাকবে এবং নাম সংকীর্তন দল শোভাযাত্রা করবে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে এবং রামের নামে সংকীর্তন করা হবে।

বিধায়ক অসিত মজুমদার এই প্রসঙ্গে বলেন, “আমরা দেবতাদের কাছে নতজানু হব, সমাজের সুস্থতা এবং সকল মানুষের মঙ্গলের জন্য আশীর্বাদ চাইব। অস্ত্র দিয়ে ঝনঝনানি করা আমাদের উদ্দেশ্য নয়।” তিনি আরও বলেন, “৬ তারিখ রামনবমী উপলক্ষে ৩ নম্বর ওয়ার্ডের ত্রিকোণ পার্ক থেকে ঘড়ির মোড় পর্যন্ত আমরা বর্ণাঢ্য মিছিল করব। যেখানে রাম ও সীতার পবিত্র ছবি থাকবে, সুন্দর ট্যাবলো থাকবে এবং একাধিক নাম সংকীর্তন দল রাস্তায় রামের নামে গান গেয়ে শোভাযাত্রা করবে। যারা অসামাজিক কার্যকলাপের মাধ্যমে সমাজকে কলুষিত করছে, তাদের বোঝানোর জন্যই এই উদ্যোগ। ধর্মীয় অনুষ্ঠানে হিংসা করে দেবতাদের কাছ থেকে কোনও সামাজিক উন্নয়ন সম্ভব নয়।”

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে বিজেপিও রামনবমীকে হাতিয়ার করে কর্মসূচি নিয়েছে। জানা গিয়েছে, তারাও হুগলি চুঁচুড়ার রাস্তায় মিছিল করবে এবং রামের নাম সংকীর্তন করবে। তাদের মিছিলেও রাম সীতার ছবি থাকবে বলে খবর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রামনবমীর মতো ধর্মীয় উৎসবকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ২০১৯ সালে রামনবমীর মিছিলে হুগলির চুঁচুড়ায় অস্ত্র দেখা গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল, যা নিয়ে পরবর্তীতে বিতর্ক সৃষ্টি হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে নজর রাখা হবে বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল বিধায়কের এই কর্মসূচি নিয়ে পালটা মন্তব্য করেছে বিজেপি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল বিধায়কের মুখে আজ রাম নাম শুনে ভালো লাগছে, অবশেষে শুভ বুদ্ধির উদয় হয়েছে।

এখন দেখার বিষয়, রামনবমীর এই কর্মসূচি হুগলির রাজনৈতিক প্রেক্ষাপটে কী প্রভাব ফেলে এবং উভয় দলের মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কিনা।