“যোগ্য শিক্ষকদের আবার ফিরিয়ে আনা হোক”-চাকরিহারাদের ফেরানোর দাবিতে মিছিল পড়ুয়াদের

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের জেরে নদিয়ার পলাশী হাই স্কুলের নয়জন শিক্ষক ও একজন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং শিক্ষকদের পুনর্বহালের দাবিতে শুক্রবার পথে নামল স্কুলের ছাত্রছাত্রীরা। শিক্ষকদের পুনরায় নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে স্কুল থেকে পলাশী মনুমেন্ট পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করে তারা।

সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল নিয়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। পলাশী হাই স্কুলের ছাত্রছাত্রীরাও তাদের প্রিয় শিক্ষকদের কর্ম হারানোর ঘটনায় ব্যথিত। শুক্রবার তারা হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে স্কুলের গেট থেকে মিছিল শুরু করে। প্ল্যাকার্ডে শিক্ষকদের প্রতি তাদের ভালোবাসা এবং তাঁদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনার আবেদন লেখা ছিল।

মিছিলে অংশগ্রহণকারী স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী জানায়, ‘চাকরিহারা শিক্ষকদের মধ্যে বেশিরভাগই বিজ্ঞান বিভাগের শিক্ষক। আমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা। এই পরিস্থিতিতে শিক্ষকদের সাহায্য ছাড়া ভালোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমরা চাই যোগ্য শিক্ষকদের আবার আমাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা হোক।’

পলাশী হাই স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের স্কুল থেকে নয় জন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী মিলিয়ে মোট দশ জন কর্মীর চাকরি চলে গিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের বিজ্ঞান বিভাগের অবস্থা খুবই খারাপ। আমরা শিক্ষক সংকটে ভুগছি এবং পড়ুয়াদের পড়াশোনায় খুব সমস্যা হচ্ছে। আমাদের স্কুল থেকে যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন, তাঁরা সকলেই অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন। তাঁদের চলে যাওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজকে আমাদের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে।’

শিক্ষকদের প্রতি ছাত্রছাত্রীদের এই আবেগপূর্ণ প্রতিবাদ স্থানীয় মহলে সাড়া ফেলেছে। তাদের দাবি, অবিলম্বে যোগ্য শিক্ষকদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা হোক যাতে তাদের পড়াশোনার কোনও ক্ষতি না হয়। এই মিছিল শিক্ষকদের প্রতি ছাত্রছাত্রীদের গভীর ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।